প্রিন্ট এর তারিখঃ Oct 27, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 12, 2026 ইং
চার দিন পর নাটোরে মিলল জার্মান পর্যটকের ল্যাপটপ, ক্যামেরা উদ্ধার হয়নি

নাটোর সংবাদদাতা:
জার্মান পর্যটক কিরিল ল্যান্ডার উইবারের হারিয়ে যাওয়া ল্যাপটপ চার দিন পর উদ্ধার করেছে নাটোর সদর থানা পুলিশ। তবে তাঁর সঙ্গে থাকা ক্যামেরাটি এখনো উদ্ধার করা সম্ভব হয়নি।
রোববার (১১ অক্টোবর) রাত পৌনে ৯টার দিকে নাটোর সদর থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জেলার পুলিশ সুপার শরীফুল হক।
পুলিশ সুপার জানান, ঘটনার দিন ৮ অক্টোবর তিতুমীর এক্সপ্রেস ট্রেনে ভ্রমণের সময় আসনের নিচে একটি ব্যাগ পান নাটোর শহরের কাপুড়িয়া পট্টি এলাকার বাসিন্দা অমল কুমার সাহা। পরে তিনি ব্যাগটি নিয়ে নওগাঁয় চলে যান। সেখানে ব্যাগ খুলে ল্যাপটপ দেখতে পান তিনি। পরবর্তী সময়ে সংবাদমাধ্যমে জার্মান পর্যটকের ল্যাপটপ হারানোর খবর জানতে পেরে বিষয়টি ছেলে অন্তরকে জানান।
এরপর রোববার রাতে অন্তর পুলিশকে বিষয়টি অবহিত করেন। খবর পেয়ে পুলিশ কাপুড়িয়া পট্টির নূর ক্লথ স্টোরের পাশ থেকে ল্যাপটপটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। উদ্ধার হওয়ার খবর পর্যটক কিরিলকে জানানো হয়েছে। এ ঘটনায় তিনি পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন বলে জানান পুলিশ সুপার।
পুলিশ সূত্রে জানা যায়, বাংলাদেশের ঐতিহাসিক ও দর্শনীয় স্থান ঘুরে দেখার উদ্দেশ্যে আসা জার্মান নাগরিক কিরিল ল্যান্ডার উইবার বগুড়া থেকে লোকাল ট্রেনে সান্তাহারে যান। পরে সেখান থেকে বাংলাবান্ধা এক্সপ্রেসে নাটোর রেলস্টেশনে পৌঁছান। এরপর দর্শনা সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার পরিকল্পনা থাকায় তিনি পরবর্তী ট্রেনের অপেক্ষায় স্টেশনের প্ল্যাটফর্মের ওয়েটিং রুমে অবস্থান করছিলেন।
এ সময় এক যুবক কৌশলে তাঁর ল্যাপটপ ও ক্যামেরা রাখা ব্যাগ নিয়ে পালিয়ে যান বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় বুধবার রাতে নাটোর সদর থানায় অভিযোগ করেন ওই পর্যটক।
ল্যাপটপ উদ্ধার হলেও ক্যামেরাটি এখনো উদ্ধার হয়নি। সেটি উদ্ধারে পুলিশের পরবর্তী পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দেশ বাংলা টিভি নিউজ