প্রিন্ট এর তারিখঃ Oct 29, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 12, 2026 ইং
লক্ষ্মীপুরে ড্রাম-ট্রাকের চাপায় ভ্যানচালক নিহত, সড়ক অবরোধ

নিজস্ব সংবাদদাতা :
লক্ষ্মীপুরে বালুবাহী ড্রাম-ট্রাকের ধাক্কায় এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। এ ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা সড়কে গাছের গুঁড়ি ফেলে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ রাখেন। পরে পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নিলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
সোমবার (১২ অক্টোবর) সকালে লক্ষ্মীপুর সদর উপজেলার লক্ষ্মীপুর-মজুচৌধুরীহাট সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ভ্যানচালকের নাম আবুল কালাম (৬৫)। তিনি উপজেলার শাকচর এলাকার মৃত আনু মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, সকালে বাড়ি থেকে ভ্যান নিয়ে বের হয়ে সড়কে উঠেছিলেন আবুল কালাম। এ সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি বালুবাহী ড্রাম-ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর ট্রাকচালক গাড়িটি নিয়ে পালানোর চেষ্টা করলে স্থানীয় লোকজন ট্রাকটি আটক করেন। পরে দুর্ঘটনার প্রতিবাদে এবং দায়ীদের বিচারের দাবিতে বিক্ষুব্ধ লোকজন সড়কে গাছের গুঁড়ি ফেলে অবরোধ সৃষ্টি করেন। এতে ওই পথে যান চলাচল ব্যাহত হয়।
খবর পেয়ে সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সঙ্গে কথা বলে এবং বিচারের আশ্বাস দেয়। এরপর অবরোধ তুলে নেন বিক্ষুব্ধ বাসিন্দারা।
পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় ব্যবহৃত ড্রাম-ট্রাকটি জব্দ করা হয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ওয়াহিদ পারভেজ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দেশ বাংলা টিভি নিউজ