প্রিন্ট এর তারিখঃ Oct 29, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 14, 2026 ইং
ধনবাড়ীতে সড়ক পারাপারের সময় বাসের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার

আপন আর্য্য টাঙ্গাইল প্রতিনিধি:
টাঙ্গাইলের ধনবাড়ীতে সড়ক পার হওয়ার সময় যাত্রীবাহী বাসের চাপায় ৬৫ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার হাজরাবাড়ী এলাকায় টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির ময়লা ফেলার জন্য মহাসড়কের বিপরীত পাশে যান ওই নারী। কাজ শেষে বাড়ি ফেরার সময় ঢাকা থেকে জামালপুরগামী ‘মায়ের দোয়া’ নামের একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত নারী হাজরাবাড়ী গ্রামের বাসিন্দা সুন্দরী বেগম (৬৫)। তিনি মৃত আমান আলীর স্ত্রী।
ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুস সালাম সিদ্দিক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে এবং দুর্ঘটনায় জড়িত বাসটি আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দেশ বাংলা টিভি নিউজ