প্রিন্ট এর তারিখঃ Oct 28, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 15, 2026 ইং
শ্রীপুরে স্বামীকে আটকে রেখে পোশাকশ্রমিককে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ

গাজীপুর সংবাদাতা: গাজীপুরের শ্রীপুরে স্বামীকে পাশের কক্ষে আটকে রেখে এক পোশাকশ্রমিককে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে চার যুবকের বিরুদ্ধে।
ঘটনার পর অভিযুক্তদের হুমকি ও নজরদারির ভয়ে দুই দিন ঘরবন্দী থাকার পর স্বজনদের সহযোগিতায় থানায় গিয়ে অভিযোগ করেছেন ভুক্তভোগী নারী ও তাঁর স্বামী।
ভুক্তভোগী ২০ বছর বয়সী ওই নারী শেরপুরের বাসিন্দা। তিনি শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের হানু মার্কেট এলাকায় ভাড়া বাসায় থাকেন এবং স্থানীয় ডিবিএল গ্রুপের একটি শিল্পপ্রতিষ্ঠানে শ্রমিক হিসেবে কাজ করেন। তাঁর স্বামীও একই বাসায় বসবাস করেন।
ভুক্তভোগীর অভিযোগ, প্রায় ছয় মাস ধরে তাঁরা ওই এলাকার হারুন অর রশিদের বাড়িতে ভাড়া থাকতেন। এলাকায় চুরির ঘটনা বেড়ে যাওয়ায় তাঁরা বাসা পরিবর্তনের সিদ্ধান্ত নেন। সোমবার বাড়ির মালিককে তিন মাসের অগ্রিম ভাড়া পরিশোধ করে মালামাল সরানোর প্রস্তুতি নিচ্ছিলেন তাঁরা।
এ সময় স্থানীয় ফারুক ও নয়ন নামের দুই যুবক তাঁর স্বামীকে ডেকে নিয়ে যান বলে অভিযোগ করেন ওই নারী। পরে সন্ধ্যার দিকে স্বামী বাসায় ফিরে আসেন। রাত সাড়ে ৮টার কিছুক্ষণ পর ফারুক ও নয়নসহ আরও দুই ব্যক্তি তাঁদের ঘরে প্রবেশ করেন। একপর্যায়ে তাঁর স্বামীকে মারধর করে পাশের একটি কক্ষে আটকে রাখা হয়।
ওই নারীর ভাষ্য অনুযায়ী, স্বামীর কাছে টাকা পাওয়ার দাবি তুলে ফারুক তাঁকে নিজেদের কথামতো চলতে বলেন। এতে রাজি না হওয়ায় ফারুক, নয়ন ও তাঁদের সঙ্গে থাকা আরেক ব্যক্তি তাঁর হাত বেঁধে ফেলেন। পরে গলায় ধারালো ছুরি ধরে এবং দুই পা বেঁধে চারজন পালাক্রমে ধর্ষণ করেন বলে অভিযোগ করেন তিনি।
ঘটনার সময় আশপাশের কেউ তাঁকে উদ্ধারে এগিয়ে আসেননি বলে জানান ভুক্তভোগী। তাঁর অভিযোগ, ঘটনার পরও অভিযুক্তরা বাড়ির আশপাশে অবস্থান করায় নিরাপত্তাহীনতায় তাঁরা থানায় যেতে পারেননি। পরে স্বজনদের খবর দিলে তাঁরা ঘটনাস্থলে এসে থানায় যাওয়ার ব্যবস্থা করেন।
ভুক্তভোগীর স্বামী জানান, তাঁকে পাশের কক্ষে আটকে রেখে মারধর করা হয়। এ সময় তাঁকে বলা হয়েছিল, তাঁর স্ত্রী টাকা আনতে গেছেন। পরে স্ত্রীর কাছে গিয়ে তিনি নির্যাতনের বিষয়টি জানতে পারেন। অভিযোগ জানাতে বের হওয়ার চেষ্টা করলে অভিযুক্তরা প্রাণনাশের হুমকি দেন বলেও দাবি করেন তিনি।
এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম জানান, ঘটনাটি জানার পর থানার পরিদর্শক (তদন্ত) কে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দেশ বাংলা টিভি নিউজ