প্রিন্ট এর তারিখঃ Oct 28, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 17, 2026 ইং
ভোলাহাট সীমান্তে বিজিবির অভিযানে ৪৩ বোতল ইস্কাফ সিরাপ জব্দ

স্টাফ রিপোর্টার:
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্তে মাদকবিরোধী অভিযানে ৪৩ বোতল কোডিনযুক্ত নেশাজাতীয় ইস্কাফ সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অভিযানে এসব মাদক মালিকবিহীন অবস্থায় উদ্ধার করা হয়।
শনিবার (১৭ অক্টোবর) রাত ১২টা ৪০ মিনিটের দিকে ভোলাহাট উপজেলার চামুচা গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে ৫৯ বিজিবির অধীন ভোলাহাট বিওপির একটি বিশেষ টহল দল অভিযানে অংশ নেয়।
বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত পিলার ১৯৬/৪-এস থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ১ নম্বর ভোলাহাট ইউনিয়নের চামুচা গ্রামে তল্লাশি চালিয়ে ৪৩ বোতল ইস্কাফ সিরাপ উদ্ধার করা হয়।
জব্দ করা মাদকদ্রব্যের বিষয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।
মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আল-আমিন অপু অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষায় বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে।
সীমান্ত দিয়ে মাদক ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দেশ বাংলা টিভি নিউজ