প্রিন্ট এর তারিখঃ Nov 5, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 18, 2026 ইং
বগুড়ায় দুই ট্রেনে কাটা পড়ে নারীর দেহ ছিন্নভিন্ন

মো: স্বাধীন খান, বগুড়া প্রতিনিধি:
বগুড়া শহরের নারুলী এলাকায় দুই ট্রেনে কাটা পড়ে এক নারীর দেহ ছিন্নভিন্ন হয়ে গেছে।
নিহত ওই নারীর নাম মমতা খাতুন (৩৩)। তিনি ধুনট উপজেলার ছোট চাপড়া গ্রামের মোখলেছার রহমানের মেয়ে।
শনিবার সকালে নারুলী রেল এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া রেলওয়ে স্টেশন মাস্টার সাজেদুর রহমান।
স্থানীয় ও রেলওয়ে সূত্রে জানা গেছে, সান্তাহার থেকে ছেড়ে আসা লালমনিরহাটগামী পদ্মরাগ মেইল ট্রেন (টি ওয়ান আপ) নারুলী এলাকা অতিক্রম করার সময় ওই নারী রেললাইনে চলে আসেন। এসময় ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় এবং মরদেহ রেললাইনে পড়ে থাকে।
মরদেহ সরিয়ে নেওয়ার আগেই একই লাইনে চলে আসে ৪৯০/২ ডাউন কলেজ ট্রেন। দ্বিতীয় দফায় ট্রেনে কাটা পড়লে মরদেহ ছিন্নভিন্ন হয়ে যায়।
স্টেশন মাস্টার সাজেদুর রহমান জানান, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরে বিকৃত মরদেহ উদ্ধার করে স্টেশনে আনা হয়েছে। প্রাথমিকভাবে এটি দুর্ঘটনা নাকি আত্মহত্যা তা নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে তদন্ত চলছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দেশ বাংলা টিভি নিউজ