প্রিন্ট এর তারিখঃ Oct 28, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 18, 2026 ইং
কলকাতার পূজামণ্ডপে পদদলিত হয়ে ১৯ জনের মৃত্যু, আহত ২৫

আন্তর্জাতিক ডেক্স:
ভারতের পশ্চিমবঙ্গের উত্তর কলকাতার চোরবাগান সর্বজনীন দুর্গাপূজার মণ্ডপে পদদলনের ঘটনায় অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২৫ জন।
শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে প্রবল বৃষ্টি ও অতিরিক্ত ভিড়ের মধ্যে এ দুর্ঘটনা ঘটে। আহতদের কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালে নেওয়া হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মহাসপ্তমী উপলক্ষে চোরবাগান পূজামণ্ডপে প্রতিমা দর্শনে হাজারো মানুষের সমাগম ঘটে। সরু গলিতে অবস্থিত মণ্ডপটিতে প্রবেশের জন্য দর্শনার্থীরা দীর্ঘ লাইনে অপেক্ষা করছিলেন। এ সময় হঠাৎ বৃষ্টি শুরু হলে অনেকে আশ্রয়ের জন্য সামনের দিকে এগিয়ে যান। একই সময়ে মণ্ডপের ভেতরে ও বের হওয়ার পথে ভিড়ের চাপ বেড়ে যায়। এতে হুড়োহুড়ির সৃষ্টি হলে একের পর এক মানুষ পড়ে যান এবং পদদলনের ঘটনা ঘটে।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রাথমিক তথ্যের ভিত্তিতে জানিয়েছেন, পূজা আয়োজকদের মাইকে করা একটি ঘোষণা এবং নিরাপত্তাকর্মীদের বাঁশি বাজানোর পর ভিড়ের মধ্যে বিশৃঙ্খলা তৈরি হয়ে থাকতে পারে। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ নিশ্চিত করতে তদন্ত চলছে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, সরু প্রবেশপথ, বের হওয়ার পথে মানুষের চাপ এবং ভিড় নিয়ন্ত্রণে ঘাটতি পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তোলে।
দুর্ঘটনার পর পুলিশ, ফায়ার সার্ভিস, দুর্যোগ মোকাবিলা দল ও চিকিৎসাকর্মীরা উদ্ধারকাজে অংশ নেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পূজামণ্ডপটি বন্ধ করে দেওয়া হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ঘটনাস্থল তদন্তকারী সংস্থার কাছে হস্তান্তর করা হয়েছে। পূজা আয়োজক কমিটির সদস্য, বেসরকারি নিরাপত্তাকর্মীসহ ১২ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করার খবর জানিয়েছে সংবাদমাধ্যম।
হাসপাতালে আহত ও নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিহত প্রত্যেকের পরিবারকে ২৫ লাখ রুপি ক্ষতিপূরণ এবং পরিবারের একজনকে সরকারি চাকরি দেওয়ার ঘোষণা দিয়েছেন। আহত প্রত্যেককে পাঁচ লাখ রুপি সহায়তা দেওয়ার কথাও জানিয়েছেন তিনি। পাশাপাশি আহতদের চিকিৎসাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার কথা জানান মুখ্যমন্ত্রী।
এ ঘটনায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শোক প্রকাশ করেছেন। নিহতদের প্রত্যেকের পরিবারের জন্য দুই লাখ রুপি এবং আহতদের জন্য ৫০ হাজার রুপি করে আর্থিক সহায়তা ঘোষণার কথা জানিয়েছে প্রধানমন্ত্রীর দপ্তর।
ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও শোক প্রকাশ করেছেন এবং দুর্ঘটনার পর পশ্চিমবঙ্গে তাঁর নির্ধারিত কর্মসূচি স্থগিত করেছেন। সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এ ঘটনায় গভীর শোক জানিয়ে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন।
উৎসবের আনন্দের মধ্যে ভয়াবহ এই প্রাণহানির ঘটনায় কলকাতাজুড়ে শোকের পরিবেশ তৈরি হয়েছে। একই সঙ্গে বড় পূজামণ্ডপগুলোতে দর্শনার্থীদের নিরাপত্তা, পর্যাপ্ত প্রবেশ ও বের হওয়ার পথ এবং ভিড় নিয়ন্ত্রণের কার্যকর ব্যবস্থা নিশ্চিত করার দাবি সামনে এসেছে।
সূত্র: পিটিআই, দ্য টাইমস অব ইন্ডিয়া, দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস ও রয়টার্স।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দেশ বাংলা টিভি নিউজ