প্রিন্ট এর তারিখঃ Oct 28, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 18, 2026 ইং
ভারতের মন্দিরগামী তীর্থযাত্রীদের ওপর ট্রাক, নিহত ১২

আন্তর্জাতিক ডেক্স :
ভারতের মধ্যপ্রদেশের গোয়ালিয়রে শীতলা মাতা মন্দিরে যাওয়ার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২৯ জন।
১৭ অক্টোবর শনিবার দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে মন্দিরের কাছে এ দুর্ঘটনা ঘটে। ধানবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশের ব্যারিকেড ভেঙে তীর্থযাত্রীদের ওপর উঠে গেলে প্রাণহানির এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, চিনোরের দিক থেকে আসা ট্রাকটি একটি খাড়া ঢালু সড়ক দিয়ে নামার সময় নিয়ন্ত্রণ হারায়। ওই সড়কে ভারী যানবাহন চলাচলে বিধিনিষেধ থাকায় সেখানে পুলিশের ব্যারিকেড বসানো হয়েছিল। তবে ট্রাকটি ব্যারিকেড ভেঙে সামনে থাকা তীর্থযাত্রীদের চাপা দেয় এবং পরে মন্দিরের বাইরের দেয়াল ও ফটকে ধাক্কা মারে।
গোয়ালিয়রের জ্যেষ্ঠ পুলিশ সুপার ধর্মবীর সিং জানান, নবরাত্রি উপলক্ষে শীতলা মাতা মন্দিরে বিপুলসংখ্যক তীর্থযাত্রী যাচ্ছিলেন। দুর্ঘটনার সময় দায়িত্ব পালনরত দুই পুলিশ সদস্যও আহত হন। তাঁদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
পুলিশের তথ্য অনুযায়ী, দুর্ঘটনার পর ৩৯ জনকে হাসপাতালে নেওয়া হয়। তাঁদের মধ্যে ১২ জনের মৃত্যু হয়েছে। আহতদের মধ্যে পাঁচ থেকে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের শরীরে হাড় ভাঙাসহ বিভিন্ন গুরুতর আঘাত রয়েছে। অন্য আহতরাও চিকিৎসাধীন।
গোয়ালিয়রের জেলা কালেক্টর রুচিকা চৌহান জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই উদ্ধারকাজে অ্যাম্বুলেন্সসহ প্রয়োজনীয় যানবাহন পাঠানো হয়। আহতদের চিকিৎসা নিশ্চিত করতে হাসপাতালগুলোতে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে।
তিনি আরও জানান, ট্রাকটি কীভাবে যান চলাচল নিয়ন্ত্রণের জন্য স্থাপন করা ব্যারিকেড অতিক্রম করল, তা তদন্ত করে দেখা হচ্ছে। ট্রাকটির যান্ত্রিক ত্রুটি ছিল কি না, তা পরীক্ষা করতে আঞ্চলিক পরিবহন দপ্তরের একটি দল পাঠানো হয়েছে। কী কারণে চালক নিয়ন্ত্রণ হারিয়েছিলেন, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।
দুর্ঘটনায় আহত এক ব্যক্তির ভাই ও প্রত্যক্ষদর্শীর দাবি, ট্রাকটিতে অতিরিক্ত ধান বোঝাই ছিল। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সেটি কয়েকটি দোকান ও মানুষের ওপর উঠে যায়। এতে ঘটনাস্থলেই কয়েকজনের মৃত্যু হয়। দুর্ঘটনার পর ঘটনাস্থলে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দেশ বাংলা টিভি নিউজ