প্রিন্ট এর তারিখঃ Oct 28, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 19, 2026 ইং
কালিহাতীতে নিয়ন্ত্রণ হারিয়ে দেয়ালে বাসের ধাক্কা, প্রাণ গেল ২ জনের

জাহাঙ্গীর আলম :
টাঙ্গাইলের কালিহাতীতে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে দেয়ালে ধাক্কা লেগে সুপারভাইজারসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিন যাত্রী।
সোমবার (১৯ অক্টোবর) রাত ৮টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার পৌলি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, জামালপুরের বকশীগঞ্জ থেকে ঢাকাগামী যমুনা এন্টারপ্রাইজের একটি বাস পৌলি এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এসময় বাসটি সড়কের পাশে থাকা একটি দেয়ালে সজোরে ধাক্কা দেয়। এতে বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই বাসের সুপারভাইজার ও অজ্ঞাত পরিচয় এক যাত্রীর মৃত্যু হয়।
খবর পেয়ে এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহবুবুর রহমান জানান, নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দেশ বাংলা টিভি নিউজ