প্রিন্ট এর তারিখঃ Oct 28, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 22, 2026 ইং
বাবার বাড়িতে দুর্গাপূজা উদযাপন করতে এসে নববধূর মৃত্যু, বিসর্জনস্থলে শোক

নিজস্ব প্রতিবেদক | দেশ বাংলা টিভি নিউজ
সাতক্ষীরার তালা উপজেলায় দুর্গাপ্রতিমা বিসর্জন ও সিঁদুর খেলায় অংশ নিতে গিয়ে তন্নী দে (নববধূ) নামে এক নারীর আকস্মিক মৃত্যু হয়েছে।
বিজয়া দশমীর রাতে কুমিরা বাসস্ট্যান্ডসংলগ্ন বিসর্জনস্থলে এ ঘটনা ঘটে। আনন্দঘন পরিবেশে হঠাৎ তাঁর মৃত্যুতে স্বজন ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
নিহত তন্নী দে তালা উপজেলার কুমিরা গ্রামের মহাদেব দের মেয়ে। পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় চার মাস আগে যশোরের কেশবপুর উপজেলার এক যুবকের সঙ্গে তাঁর বিয়ে হয়। বিয়ের পর এবারই প্রথম বাবার বাড়িতে দুর্গাপূজা উদযাপন করতে এসেছিলেন তিনি।
স্থানীয় বাসিন্দা, প্রত্যক্ষদর্শী ও তালা উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক নারায়ণ মজুমদারের সূত্রে জানা যায়, বিজয়া দশমীর রাতে ননদের সঙ্গে প্রতিমা বিসর্জন দেখতে যান তন্নী। ধর্মীয় রীতি অনুসারে দুর্গাদেবীর চরণ ও কপালে সিঁদুর দেওয়ার পাশাপাশি সহপাঠী ও স্বজনদের সঙ্গে সিঁদুর খেলায় অংশ নেন তিনি।
প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, প্রতিমার কপালে সিঁদুর দেওয়ার সময় হঠাৎ বুকে তীব্র ব্যথা অনুভব করেন তন্নী। এরপর তিনি মাটিতে পড়ে যান। উপস্থিত স্বজন ও স্থানীয়রা দ্রুত তাঁকে উদ্ধারের চেষ্টা করেন এবং কাছের চিকিৎসাকেন্দ্রে নেওয়ার উদ্যোগ নেন। তবে পথেই তাঁর মৃত্যু হয় বলে জানা গেছে।
স্থানীয় স্বাস্থ্যকর্মীদের ভাষ্য অনুযায়ী, ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে। চিকিৎসকদের প্রাথমিক ধারণা, আকস্মিক গুরুতর হৃদ্রোগে আক্রান্ত হওয়ার কারণে এ ঘটনা ঘটতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত করা যায়নি।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তোফাজ্জেল হোসেন তন্নী দের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দেশ বাংলা টিভি নিউজ