প্রিন্ট এর তারিখঃ Oct 29, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 22, 2026 ইং
লক্ষ্মীপুরে ইয়াবা ও নগদ টাকাসহ মা-মেয়ে গ্রেপ্তার, বাবা পলাতক

স্টাফ রিপোর্টার:
লক্ষ্মীপুরে মাদকবিরোধী অভিযানে ১ হাজার ৩২০ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ২২ হাজার টাকাসহ এক নারী ও তাঁর মেয়েকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। অভিযানের সময় ওই নারীর স্বামী ও মেয়ের বাবা পালিয়ে যান বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
বুধবার (২২ অক্টোবর) দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার দক্ষিণ হামছাদি ইউনিয়নের গংগাপুর গ্রামের কমর উদ্দীন জমাদার বাড়িতে এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তার দুজন হলেন মরিয়ম বেগম (৪০) ও তাঁর মেয়ে মুক্তা মনি (১৯)। তাঁরা ওই এলাকার জহিরুল ইসলামের স্ত্রী ও মেয়ে। এ ঘটনায় জহিরুল ইসলাম (৪৬) পলাতক রয়েছেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, বুধবার দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত জহিরুল ইসলামের বসতবাড়িতে অভিযান চালিয়ে তল্লাশি করা হয়। এ সময় বাড়ি থেকে ১ হাজার ৩২০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ২২ হাজার টাকা উদ্ধার করা হয়।
এ ঘটনায় অধিদপ্তরের উপপরিদর্শক (এসআই) আদনান আরিফ রিফাত বাদী হয়ে লক্ষ্মীপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন। মামলায় পলাতক জহিরুল ইসলামকেও প্রধান আসামি করা হয়েছে। তাঁকে গ্রেপ্তারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা চলছে।
লক্ষ্মীপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ভারপ্রাপ্ত সহকারী পরিচালক মোহাম্মদ শরীফ উদ্দিন জানান, মাদকের বিরুদ্ধে তাঁদের জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে। সমাজ থেকে মাদক নির্মূল এবং এর বিস্তার রোধে মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দেশ বাংলা টিভি নিউজ