প্রিন্ট এর তারিখঃ Oct 28, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 22, 2026 ইং
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

নারায়নগঞ্জ সংবাদদাতা:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দুর্বৃত্তদের হামলায় জহির ফকির নামে এক যুবদল নেতা নিহত হয়েছেন। বুধবার (২১ অক্টোবর) রাত ১১টার দিকে উপজেলার চর কিশোরগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত জহির ফকির আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়ন যুবদলের সভাপতি ছিলেন। তিনি দীর্ঘ ১৫ থেকে ১৬ বছর ধরে সোনারগাঁয়ের চরহোগলা এলাকায় একটি ওষুধের দোকান পরিচালনা করতেন। পরিবার নিয়ে তিনি মুন্সীগঞ্জ সদর উপজেলায় বসবাস করতেন।
পুলিশের ভাষ্য অনুযায়ী, বুধবার রাতে ফার্মেসির কাজ শেষ করে বাড়ি ফেরার পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালায়। তাঁকে কুপিয়ে রাস্তার পাশে ফেলে রেখে পালিয়ে যায় হামলাকারীরা। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে মুন্সীগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক জানান, হত্যাকাণ্ডের কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। পূর্ববিরোধের জেরে নাকি ছিনতাইকারী চক্রের হামলায় এ ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দেশ বাংলা টিভি নিউজ