প্রিন্ট এর তারিখঃ Oct 28, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 24, 2026 ইং
শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ফেনসিডিলের বিকল্প সিরাপসহ মাদক জব্দ

স্টাফ রিপোর্টার:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ইনজেকশন জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা মাদকের আনুমানিক মূল্য ৯১ হাজার ৪০০ টাকা।
শনিবার (২৪ অক্টোবর) ভোররাত সাড়ে ৩টার দিকে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের উপচকপাড়া গ্রামের একটি পাকা রাস্তায় এ অভিযান চালানো হয়। মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে চকপাড়া বিওপির একটি বিশেষ টহল দল অভিযানটি পরিচালনা করে।
বিজিবি জানায়, সীমান্ত পিলার ১৮২/৭-এস থেকে প্রায় ৬০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৫৬ বোতল ভারতীয় নেশাজাতীয় ‘ফেয়ারডিল’ (Fairdyl) সিরাপ এবং ৪৬০ পিস বুপ্রেনরফিন (Buprenorphine) ২ মিলিলিটারের ইনজেকশন উদ্ধার করা হয়।
জব্দ করা মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য ৯১ হাজার ৪০০ টাকা। এ ঘটনায় জব্দ করা মাদকের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।
মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) অধিনায়ক জানান, দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করতে বিজিবি ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। সীমান্ত দিয়ে মাদক প্রবেশ ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দেশ বাংলা টিভি নিউজ