প্রিন্ট এর তারিখঃ Oct 27, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 24, 2026 ইং
উল্লাপাড়ায় বাড়ির আঙিনায় যুবকের মরদেহ!! হত্যার অভিযোগে আটক ১

নিজস্ব প্রতিবেদক :
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আকরাম হোসেন (১৮) নামে এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার কোনাগাঁতী গ্রামে এক বাড়ির আঙিনা থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় মারুফ বিন হাবিব তালুকদার নামে এক যুবককে আটক করা হয়েছে।
নিহত আকরাম হোসেন উল্লাপাড়া উপজেলার খোসালপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে। আটক মারুফ কোনাগাঁতী গ্রামের নুর মোহাম্মদ তালুকদারের ছেলে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় মারুফের বাড়ির আঙিনায় আকরামের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং মারুফকে আটক করে থানায় নিয়ে যায়।
স্থানীয়দের অভিযোগ, আকরামকে বাড়িতে ডেকে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। এরপর তাঁর মরদেহ বাড়ির আঙিনায় ফেলে রাখা হয়। ঘটনার পরও অভিযুক্ত ব্যক্তি ওই বাড়িতে অবস্থান করছিলেন বলে জানিয়েছেন স্থানীয়রা।
এদিকে, ঘটনার পর মারুফের পরিবারের সদস্যরা বাড়ি ছেড়ে চলে গেছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
নিহত আকরামের বাবা আব্দুর রহিম ছেলেকে হত্যার কারণ বুঝতে পারছেন না বলে জানান। তিনি বলেন, তাঁর ছেলেকে কেন ডেকে নেওয়া হয়েছিল এবং কী কারণে হত্যা করা হয়েছে, তা তাঁর জানা নেই। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তিনি।
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, এ ঘটনায় মারুফকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হত্যাকাণ্ডের সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। ঘটনার পেছনের প্রকৃত কারণ জানতে পুলিশ তদন্ত চালাচ্ছে।
তিনি আরও বলেন, ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যেন নতুন করে কোনো অপ্রীতিকর পরিস্থিতি বা সহিংসতা সৃষ্টি না হয়, সে জন্য কোনাগাঁতী গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দেশ বাংলা টিভি নিউজ