প্রিন্ট এর তারিখঃ Oct 27, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 25, 2026 ইং
মুকসুদপুরে পিকআপের ধাক্কায় প্রাণ গেল বাবা-মেয়ের

গোপালগঞ্জ সংবাদদাতা:
গোপালগঞ্জের মুকসুদপুরে ঢাকা-খুলনা মহাসড়কে মাছবাহী পিকআপের ধাক্কায় অটোভ্যানে থাকা বাবা ও তাঁর ছয় বছরের মেয়ের মৃত্যু হয়েছে।
রোববার (২৫ অক্টোবর) সকালে উপজেলার গ্যাড়াখোলা ব্রিজের ওপর এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় একই পরিবারের দুজনকে হারিয়ে স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
নিহত ব্যক্তির নাম সাইফুল ইসলাম রঞ্জু (৪৫)। তিনি ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার পবন বেগ গ্রামের হেমায়েত মোল্লার ছেলে। তাঁর মেয়ের নাম সামিরা আক্তার (৬)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে খুলনা মেট্রো-ন-১১-২৫৬৫ নম্বরের একটি মাছবাহী পিকআপ গোপালগঞ্জের দিকে যাচ্ছিল। পথে গ্যাড়াখোলা ব্রিজের ওপর বিপরীত দিক থেকে আসা মুকসুদপুরগামী একটি অটোভ্যানের সঙ্গে পিকআপটির সংঘর্ষ হয়। এতে অটোভ্যানে থাকা বাবা ও মেয়ে গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত তাঁদের উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে দুজনকেই মৃত ঘোষণা করেন।
মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বাবা-মেয়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দেশ বাংলা টিভি নিউজ