প্রিন্ট এর তারিখঃ Oct 28, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 27, 2026 ইং
কক্সবাজারের উখিয়ার ইনানীতে মাটি খুঁড়তেই আগুন, গ্যাস নির্গমনের আশঙ্কা

কক্সবাজার সংবাদদাতা :
কক্সবাজারের উখিয়া উপজেলার ইনানী পর্যটন এলাকায় নলকূপ স্থাপনের জন্য মাটি খনন করতে গিয়ে আগুনের শিখা বের হওয়ার ঘটনা ঘটেছে। মাটির নিচ থেকে গ্যাসের গন্ধযুক্ত ধোঁয়া ও আগুন নির্গত হওয়ায় এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সম্ভাব্য ঝুঁকি এড়াতে আশপাশের বাসিন্দারা নিরাপদ স্থানে সরে যান।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে ইনানীর এলজিইডি সড়কের একটি ছোট সেতুর পাশে এ ঘটনা ঘটে। নলকূপ বসানোর উদ্দেশ্যে মাটি খনন করার সময় হঠাৎ মাটির নিচ থেকে আগুন ও ধোঁয়া বের হতে শুরু করে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভূগর্ভে প্রাকৃতিক গ্যাসের উপস্থিতি কিংবা গ্যাসের চাপের কারণে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। খবর পেয়ে উখিয়া ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
উখিয়া ফায়ার স্টেশনের কর্মকর্তা সাইদুল ইসলাম জানান, ঘটনাস্থলে দীর্ঘ সময় ধরে আগুন জ্বলছিল। ভূগর্ভ থেকে গ্যাসের চাপের কারণে আগুন বের হওয়ার পরিস্থিতি তৈরি হয়ে থাকতে পারে বলে তিনি জানান।
এদিকে, আগুনের শিখা বৃদ্ধি পাওয়ায় আশপাশের মানুষের মধ্যে উদ্বেগ দেখা দেয়। আগুন কাছাকাছি বৈদ্যুতিক তারে ছড়িয়ে পড়ার আশঙ্কায় সতর্কতামূলক ব্যবস্থা নেয় উখিয়া পল্লী বিদ্যুৎ সমিতি। নিরাপত্তার স্বার্থে মনখালী থেকে পাটুয়ারটেক পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার এলাকায় ৩৩ কেভি বিদ্যুৎ লাইনের সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখা হয়।
তবে মাটির নিচ থেকে নির্গত গ্যাসের প্রকৃতি ও উৎস সম্পর্কে নিশ্চিত হতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পরীক্ষা-নিরীক্ষা প্রয়োজন। ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের কার্যক্রম চলছিল।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দেশ বাংলা টিভি নিউজ