প্রিন্ট এর তারিখঃ Oct 28, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 28, 2026 ইং
যাত্রাবাড়ীতে গ্যারেজে গুলিতে যুবক নিহত

আনন্দ সরকার, ঢাকা:
রাজধানীর যাত্রাবাড়ীর ধলপুরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ময়লার গাড়ি রাখার গ্যারেজে গুলিবিদ্ধ হয়ে মারুফ ওরফে দুখু মিয়া (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় ধলপুর ওয়াসা গেট এলাকায় এ ঘটনা ঘটে। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের স্বজনদের ভাষ্য অনুযায়ী, মারুফ দয়াগঞ্জ এলাকার একটি অ্যালুমিনিয়ামের পাতিল তৈরির কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতেন। মঙ্গলবার সন্ধ্যায় কাজ শেষে বাসায় ফেরার কিছুক্ষণ পর স্ত্রী মিমকে বাইরে যাওয়ার কথা বলে বের হন তিনি। এর কিছু সময় পর ধলপুরের ওয়াসা গেট এলাকায় গোলাগুলির খবর পান স্বজনেরা। পরে তারা জানতে পারেন, মারুফ গুলিবিদ্ধ হয়েছেন।
স্বজনেরা তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা পৌনে ৮টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। তার বুকের ডান পাশে গুলির আঘাত ছিল বলে জানা গেছে।
মারুফের খালাতো বোন বিথী আক্তার জানান, তার জানা মতে, এলাকায় কারও সঙ্গে মারুফের কোনো বিরোধ ছিল না। কাজ করে জীবিকা নির্বাহ করতেন তিনি। তবে কী কারণে তাকে গুলি করা হয়েছে কিংবা কারা এ ঘটনার সঙ্গে জড়িত, সে বিষয়ে স্বজনেরা কিছু জানাতে পারেননি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, নিহত যুবকের বুকের ডান পাশে গুলির চিহ্ন পাওয়া গেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি যাত্রাবাড়ী থানা পুলিশকে অবহিত করা হয়েছে।
ঘটনার পেছনের কারণ এবং কারা গুলি চালিয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দেশ বাংলা টিভি নিউজ