প্রিন্ট এর তারিখঃ Nov 1, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 31, 2026 ইং
বগুড়ার কাহালুতে ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে চেয়ারম্যান প্রার্থী আব্দুর সবুর খানের ডোর টু ডোর গণসংযোগ

মোঃ স্বাধীন খান, বগুড়া জেলা প্রতিনিধি:
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বগুড়ার কাহালু উপজেলার ২ নম্বর কালাই ইউনিয়নে ডোর টু ডোর কর্মসূচির অংশ হিসেবে নির্বাচনী গণসংযোগ করেছেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর সবুর খান।
শনিবার (৩১ অক্টোবর) কালাই ইউনিয়নের পাইকপাড়া এলাকায় এ গণসংযোগ অনুষ্ঠিত হয়। এ সময় তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং তাদের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা শোনেন।
গণসংযোগকালে আব্দুর সবুর খান বলেন, জনগণের প্রত্যাশা পূরণ এবং এলাকার সার্বিক উন্নয়নে কাজ করতে চান তিনি। আসন্ন নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হলে কালাই ইউনিয়নকে মাদক ও সন্ত্রাসমুক্ত হিসেবে গড়ে তোলার পাশাপাশি এলাকার উন্নয়ন ও জনকল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন, কালাই ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ তহিদুর রহমান পিন্টু, ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রায়হান আলী, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আনিসুর রহমান পাপন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আতিকুল আলম শাকিল, বিএনপি নেতা ভুট্টু খান, যুবদল নেতা মিল্লাত ও সাইফুলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এ ছাড়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক এবং যুবদল, ছাত্রদল, কৃষক দল, শ্রমিক দল ও মৎস্যদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও এ গণসংযোগে অংশ নেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দেশ বাংলা টিভি নিউজ