প্রিন্ট এর তারিখঃ Nov 3, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 2, 2026 ইং
আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, কন্টেইনারবাহী গাড়িতে আগুন

সাভার সংবাদদাতা:
সাভারের আশুলিয়ায় পোশাকশ্রমিকদের বিভিন্ন দাবিকে কেন্দ্র করে বিক্ষোভ ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
সোমবার (২ নভেম্বর) সকাল থেকে আবদুল্লাহপুর-বাইপাইল সড়কের নরসিংহপুর ও নিশ্চিন্তপুর এলাকায় দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া চলে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এ সময় একটি পোশাক কারখানার কন্টেইনারবাহী গাড়িতে আগুন দেওয়ার ঘটনাও ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকাল ১০টার পর শ্রমিকরা প্রথমে অনন্ত কারখানা এবং পরে হামীম কারখানার সামনে জড়ো হন। বিভিন্ন দাবিতে সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশের সঙ্গে তাদের উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে শ্রমিক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে ওই এলাকায় উত্তেজনা আরও ছড়িয়ে পড়ে। সংঘর্ষের একপর্যায়ে বেলা ১১টা ১০ মিনিটের দিকে নরসিংহপুর এলাকার নদী ফিলিং স্টেশনের সামনে একটি পোশাক কারখানার কন্টেইনারবাহী গাড়িতে আগুন ধরিয়ে দেন বিক্ষুব্ধ শ্রমিকরা।
এদিকে সংঘর্ষ ও পরিস্থিতির অবনতির আশঙ্কায় আবদুল্লাহপুর-বাইপাইল সড়কের আশপাশের অধিকাংশ পোশাক কারখানা সোমবারের জন্য সাধারণ ছুটি ঘোষণা করে।
শিল্প পুলিশ-১-এর অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশনস অ্যান্ড ইন্টেলিজেন্স) শোয়েব আহম্মেদ জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে কাজ করছেন। পাশাপাশি অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছিল। শ্রমিক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মুখোমুখি অবস্থানে ছিলেন। তবে তাৎক্ষণিকভাবে বড় ধরনের হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দেশ বাংলা টিভি নিউজ