প্রিন্ট এর তারিখঃ Nov 5, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 3, 2026 ইং
নাটোরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

নাটোর সংবাদদাতা:
নাটোরের লালপুরে বাড়ির পাশের পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২ নভেম্বর) দুপুরে উপজেলার বেরিলাবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর ১২টার দিকে বাড়ির পাশে খেলছিল শিশু দুটি। একপর্যায়ে সবার অগোচরে তারা পাশের একটি পুকুরে পড়ে যায়। পরে পরিবারের সদস্যরা তাদের খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুর থেকে উদ্ধার করেন।
দ্রুত তাদের রাজশাহীর বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে দুজনকেই মৃত ঘোষণা করেন।
নিহত শিশুরা হলো বেরিলাবাড়ী গ্রামের সেরাজুল হকের আড়াই বছর বয়সী মেয়ে শিউলী খাতুন এবং একই গ্রামের আনারুল ইসলামের দুই বছর বয়সী মেয়ে আফিয়া খাতুন।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্ত ছাড়াই শিশু দুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দেশ বাংলা টিভি নিউজ