প্রিন্ট এর তারিখঃ Nov 5, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 4, 2026 ইং
কুমিল্লায় মেডিকেল শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, দুই দিন ধরে ছিলেন নিখোঁজ

কুমিল্লা সংবাদদাতা :
কুমিল্লার বুড়িচংয়ে ইস্টার্ন মেডিক্যাল কলেজের হোস্টেল থেকে নিখোঁজ হওয়ার দুই দিন পর এক ভারতীয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৪ নভেম্বর) সকালে কলেজের পাশের একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
নিহত শিক্ষার্থীর নাম আদনান (২৩)। তিনি ভারতের জম্মু ও কাশ্মীরের বাসিন্দা এবং ইস্টার্ন মেডিক্যাল কলেজের পঞ্চম বর্ষের শিক্ষার্থী ছিলেন।
পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ৩১ অক্টোবর ছেলের পড়াশোনার জন্য তাকে সঙ্গে নিয়ে বাংলাদেশে আসেন তার মা। এরপর গত ২ নভেম্বর রাতে আদনান কলেজের হোস্টেল থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি। তার খোঁজ না পেয়ে কলেজ কর্তৃপক্ষ ও পরিবারের পক্ষ থেকে বুড়িচং থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
জিডির পর পুলিশ আশপাশের এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে নিখোঁজ শিক্ষার্থীর সন্ধানে তৎপরতা চালায়। এরই মধ্যে বুধবার সকালে স্থানীয়রা কলেজসংলগ্ন একটি পুকুরে মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে কলেজ কর্তৃপক্ষ ও নিহতের মা ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহটি আদনানের বলে শনাক্ত করেন।
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে। কী কারণে ওই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দেশ বাংলা টিভি নিউজ