প্রিন্ট এর তারিখঃ Jun 13, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jun 11, 2026 ইং
টাঙ্গাইলে এলজিইডি’র অসমাপ্ত সড়কের কাজ সম্পন্ন করার দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রদিবেদক:-টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার আনেহলা ইউনিয়নের লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের নির্মাণকাজ দ্রুত সম্পন্ন করার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থী ও এলাকাবাসী। মঙ্গলবার (৯ জুন) সকালে খায়েরপাড়া বাজার এলাকায় নির্মাণাধীন ও বেহাল সড়কের ওপর এ মানববন্ধনের আয়োজন করা হয়।
স্থানীয়দের অভিযোগ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর আওতায় ২০২৪ সালে লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের উন্নয়ন কাজ শুরু হলেও সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ না করে মাঝপথে বন্ধ করে দেয়। দীর্ঘদিন ধরে সড়কটির কাজ বন্ধ থাকায় প্রায় লক্ষাধিক মানুষ চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন।
মানববন্ধনে বক্তব্য দেন শহিদ ছালাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম, খায়েরপাড়া বাজার সমিতির সভাপতি হামিদুর রহমান হিরো, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুর রহিম খান দুলাল, সমাজসেবক তাওহিদুল ইসলাম তারেক, হিটলার এবং মোখলেছুর রহমান খান বেল্লালসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
বক্তারা বলেন, প্রায় দুই বছর ধরে নির্মাণাধীন সড়কটির বেহাল অবস্থার কারণে শিক্ষার্থীসহ সাধারণ মানুষকে প্রতিনিয়ত ভোগান্তি পোহাতে হচ্ছে। ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ অসমাপ্ত রেখেই আত্মগোপনে চলে গেছে। ফলে শিক্ষার স্বাভাবিক পরিবেশ ব্যাহত হচ্ছে এবং সাধারণ মানুষের যাতায়াতে চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে।
তারা আরও বলেন, বৃষ্টির সময় সড়কটি কাদা-পানিতে পরিণত হওয়ায় শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াত করতে ব্যাপক কষ্ট হয়। অনেক সময় তাদের পোশাক নষ্ট হয়ে যায়। এছাড়া যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হওয়ায় অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে স্থানীয়দের।
মানববন্ধন থেকে এলাকাবাসী ও শিক্ষার্থীরা দ্রুত সময়ের মধ্যে লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের নির্মাণকাজ সম্পন্ন করে জনদুর্ভোগ লাঘবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দেশ বাংলা টিভি নিউজ