প্রিন্ট এর তারিখঃ Jun 13, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jun 12, 2026 ইং
গোপালপুরে নানাবাড়ি বেড়াতে এসে নদীতে ডুবে প্রাণ গেল শিশুর

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের গোপালপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের বড় শিলা গ্রামে নদীতে গোসল করতে নেমে মিম (১০) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শুক্রবার (১২ জুন) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের ছুটিতে পরিবারের সঙ্গে ঢাকায় থেকে নানাবাড়িতে বেড়াতে এসেছিল মিম। দুপুরে গ্রামের অন্যান্য শিশুদের সঙ্গে নদীতে গোসল করতে নামে সে। একপর্যায়ে কয়েকজন শিশু পানিতে তলিয়ে গেলে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয়রা জানান, শিশুদের মধ্যে একজনকে দ্রুত উদ্ধার করা সম্ভব হলেও মিম নিখোঁজ হয়ে যায়। পরে এলাকাবাসী ও স্বজনরা নদীতে ব্যাপক খোঁজাখুঁজি শুরু করেন। প্রায় দেড় ঘণ্টা অনুসন্ধানের পর বিকেল পৌনে ৪টার দিকে তাকে উদ্ধার করা হয়। তবে উদ্ধার করার আগেই তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করা হয়।
নিহত মিমের নানা আব্দুর রশিদ। তার মা রিতা বেগম। পরিবারের সদস্যরা জানান, তাদের আদি বাড়ি রাজশাহীতে হলেও তারা দীর্ঘদিন ধরে ঢাকায় বসবাস করে আসছেন।
হঠাৎ ঘটে যাওয়া এ দুর্ঘটনায় পরিবারে নেমে এসেছে শোকের মাতম। এলাকাবাসী শিশুদের নদী, পুকুর ও জলাশয়ে গোসলের সময় অভিভাবকদের আরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দেশ বাংলা টিভি নিউজ