প্রিন্ট এর তারিখঃ Jun 15, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jun 15, 2026 ইং
মির্জাপুরে ব্রাজিলের পতাকা ধরতে গিয়ে ৬ তলা ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু

আতোয়ার রহমান বিশেষ প্রতিনিধি:
টাঙ্গাইলের মির্জাপুরে ছয়তলা ভবনের ছাদ থেকে পড়ে রায়হান (৩০) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি নিয়ে এলাকায় নানা আলোচনা সৃষ্টি হলেও পরিবারের দাবি, তিনি দীর্ঘদিন ধরে মানসিক অসুস্থতায় ভুগছিলেন।
রোববার (১৪ জুন) সকাল আনুমানিক ৯টার দিকে মির্জাপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কুয়াশা হোটেল সংলগ্ন গাড়াইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রায়হান দেলদুয়ার উপজেলার ডুবাইল ইউনিয়নের পরইখালি গ্রামের মৃত দুলাল মিয়ার ছেলে। তিনি পরিবারসহ মির্জাপুরের গাড়াইল এলাকায় জুয়েল তালুকদারের বাড়িতে ভাড়া থাকতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাসার ছাদে ওঠেন রায়হান। কিছুক্ষণ পর হঠাৎ ছাদ থেকে নিচে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার পর এলাকায় গুঞ্জন ছড়িয়ে পড়ে যে, ব্রাজিল ফুটবল দলের সমর্থক রায়হান ছাদে টাঙানো পতাকা ধরতে গিয়ে ভারসাম্য হারিয়ে নিচে পড়ে যান। তবে এ বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
বাড়ির মালিক জুয়েল তালুকদার জানান, রায়হান দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। তিনি ব্রাজিল দলের সমর্থক ছিলেন এবং ছাদে একটি ব্রাজিলের পতাকা টাঙিয়েছিলেন। প্রতিদিনের মতো সেদিনও ছাদে যান। পরে প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানতে পারেন, পতাকার কাছে যাওয়ার সময় তিনি নিচে পড়ে যান।
পরিবারের সদস্যরাও জানান, রায়হান প্রায়ই অস্বাভাবিক আচরণ করতেন এবং মানসিক রোগের চিকিৎসাধীন ছিলেন। ঘটনার দিন সকালে তিনি হঠাৎ ছাদে চলে যান এবং অসাবধানতাবশত নিচে পড়ে যান বলে তাদের ধারণা।
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, খবর পেয়ে হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে নিহতের মানসিক অসুস্থতার বিষয়টি জানানো হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দেশ বাংলা টিভি নিউজ