প্রিন্ট এর তারিখঃ Jun 20, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jun 19, 2026 ইং
ময়মনসিংহে নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই শ্রমিক নিহত

ময়মনসিংহ নগরের কলেজ রোড এলাকায় নির্মাণাধীন একটি বহুতল ভবনে কাজ করার সময় ওপর থেকে পড়ে দুই নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা না থাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে।
বুধবার (১৭ জুন) বিকেলে এনায়েত হোসেন চৌধুরী টাওয়ার নামে নির্মাণাধীন ১০ তলা ভবনের অষ্টম তলায় লিফট শ্যাফটের জন্য ইটের গাঁথুনির কাজ করছিলেন শ্রমিকরা। এ সময় হঠাৎ ভারসাম্য হারিয়ে নিচে পড়ে গুরুতর আহত হন মো. মাসুদ মিয়া (৩০) ও সিয়াম মিয়া (২৪)।
স্থানীয়রা দ্রুত তাঁদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। নিহত মাসুদ মিয়ার বাড়ি ঝিনাইদহ জেলায় এবং সিয়াম মিয়ার বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলায়।
জানা গেছে, প্রায় সাড়ে আট শতক জমির ওপর নির্মিত ভবনটির নির্মাণকাজ প্রায় তিন বছর ধরে চলছে। দুর্ঘটনার সময় শ্রমিকরা লিফট নির্মাণসংক্রান্ত গাঁথুনির কাজ করছিলেন। প্রত্যক্ষদর্শীদের দাবি, নিরাপত্তা বেল্টসহ প্রয়োজনীয় সুরক্ষা সরঞ্জাম ব্যবহার না করেই তারা কাজ করছিলেন।
ভবনের মালিক ডা. বেলাল উদ্দিন জানান, বিকেলের দিকে ভবনের অষ্টম তলা থেকে বিকট শব্দ শোনার পর তিনি ঘটনাটি জানতে পারেন। তিনি বলেন, নির্মাণকাজের তদারকির দায়িত্ব ঠিকাদার রফিকুল ইসলামের ওপর ছিল। এ বিষয়ে তাঁর বেশি কিছু বলার নেই।
তবে ঠিকাদার রফিকুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) সজীব কোচ জানান, ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিকভাবে জানা গেছে, কাজের সময় পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা হয়নি। এতে দুই শ্রমিক ওপর থেকে পড়ে গুরুতর আহত হন এবং পরে হাসপাতালে তাঁদের মৃত্যু হয়।
তিনি আরও জানান, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনার তদন্ত চলছে। নিহতদের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দেশ বাংলা টিভি নিউজ