প্রিন্ট এর তারিখঃ Jul 30, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jun 28, 2026 ইং
কালিহাতীতে আগ বানিয়ারা জামে মসজিদের নতুন ভবন নির্মাণকাজ চলমান

নিজস্ব প্রতিবেদক:-টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ঐতিহ্যবাহী আগ বানিয়ারা জামে মসজিদের নতুন ভবন নির্মাণকাজ বর্তমানে চলমান রয়েছে। ধর্মীয় মূল্যবোধ, সামাজিক সম্প্রীতি এবং এলাকাবাসীর সম্মিলিত উদ্যোগে এ মহৎ কাজ এগিয়ে যাচ্ছে।
১৯৫৫ সালে প্রতিষ্ঠিত আগ বানিয়ারা জামে মসজিদ দীর্ঘদিন ধরে এলাকার মুসল্লিদের ইবাদতের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে ভূমিকা পালন করে আসছে। সময়ের পরিক্রমায় মুসল্লিদের সংখ্যা বৃদ্ধি এবং আধুনিক সুযোগ-সুবিধার প্রয়োজনীয়তা বিবেচনায় ২০২৫ সাল থেকে মসজিদের নতুন ভবনের নির্মাণকাজ শুরু হয়।
তিন তলা ফাউন্ডেশন বিশিষ্ট নতুন ভবনের দৈর্ঘ্য ৮০ ফুট এবং প্রস্থ ৪৬ ফুট। বর্তমানে ভবনের নির্মাণকাজ দৃশ্যমানভাবে এগিয়ে চলছে।
আগ বানিয়ারা সমাজের উদ্যোগে পরিচালিত এ নির্মাণকাজে এলাকার প্রায় দুই থেকে আড়াই হাজার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সহযোগিতা প্রশংসনীয়।
সমাজের সর্বস্তরের মানুষ নিজেদের সামর্থ্য অনুযায়ী আর্থিক ও সার্বিক সহযোগিতা প্রদান করছেন। ফলে ধীরে ধীরে মসজিদের নতুন ভবন বাস্তব রূপ পাচ্ছে।
মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক মতিয়ার রহমান, কোষাধ্যক্ষ সোহেল রানা এবং এলাকাবাসীর পক্ষে শাহ আলম এক যৌথ বক্তব্যে বলেন, আগ বানিয়ারা জামে মসজিদ শুধু একটি ইবাদতের স্থান নয়, এটি আমাদের সামাজিক ও ধর্মীয় ঐক্যের প্রতীক। সবার আন্তরিক সহযোগিতা, দোয়া ও ভালোবাসায় মসজিদের নির্মাণকাজ এগিয়ে চলছে। আমরা দেশ-বিদেশে অবস্থানরত সকল শুভানুধ্যায়ী ও ধর্মপ্রাণ মুসলমানদের কাছে দোয়া এবং সার্বিক সহযোগিতা কামনা করছি।
মসজিদ প্রাঙ্গন সংলগ্ন আগ বানিয়ারা কোনাবাড়ি নূরানী মাদরাসা ও এতিমখানাও পরিচালিত হচ্ছে, যা এলাকার শিশুদের ধর্মীয় শিক্ষা ও মানবিক সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
এলাকাবাসীর প্রত্যাশা, সকলের সম্মিলিত প্রচেষ্টা এবং মহান আল্লাহর অশেষ রহমতে আগ বানিয়ারা জামে মসজিদের নির্মাণকাজ সফলভাবে সম্পন্ন হবে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর ও আদর্শ দ্বীনি পরিবেশ নিশ্চিত করবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দেশ বাংলা টিভি নিউজ