
বৃহস্পতিবার (১৬ জুলাই) সন্ধ্যায় উপজেলার ফতেপুর ইউনিয়নের থলপাড়া এলাকায় বংশাই নদীতে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন শেরপুর জেলার বাসিন্দা হাসমতের ছেলে জিকুল (১৮) এবং রংপুর জেলার সাজ্জাদ (১৮)।
স্থানীয়দের ভাষ্য, গাজীপুরের ভাওয়াল এলাকা থেকে প্রায় ৪০ জন তরুণ একটি নৌকায় করে মির্জাপুরের ঐতিহাসিক মহেড়া জমিদারবাড়ি ভ্রমণে আসেন। দিনব্যাপী ঘোরাঘুরি শেষে সন্ধ্যায় ফেরার পথে থলপাড়া এলাকায় নদীর ওপর নিচু হয়ে ঝুলে থাকা বিদ্যুতের তারের সঙ্গে নৌকার সংযোগ ঘটে। এতে নৌকায় থাকা ছয়জন বিদ্যুৎস্পৃষ্ট হন।
ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক জিকুল ও সাজ্জাদকে মৃত ঘোষণা করেন। আহত বাকি চারজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) রাশেদ ফজল জানান, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। ময়নাতদন্তের জন্য নিহতদের মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।
এ দুর্ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একই সঙ্গে নদীপথে ঝুলন্ত বিদ্যুতের তারের ঝুঁকি নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।