প্রিন্ট এর তারিখঃ Sep 14, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jul 21, 2026 ইং
বগুড়ার কাহালুতে পানিতে ডুবে তিন শিশুর মৃ*ত্যু

মো: স্বাধীন খান বগুড়া জেলা প্রতিনিধি:
বগুড়ার কাহালু উপজেলার মুরইল ইউনিয়নের ভালতা গুচ্ছগ্রামের একটি খাসের পুকুরে ডুবে তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মৃতরা হলো- মো. জাকিরুল ইসলাম (৬), পিতা মো. আসাদুল ইসলাম; মো. ফাইম (৮) ও সুরাইয়া (৫), উভয়ের পিতা ফারুক মণ্ডল। তারা সবাই ভালতা গুচ্ছগ্রামের বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) সকাল আনুমানিক ১০টার দিকে তিন শিশু নিজ নিজ বাড়ি থেকে বের হয়। পরে দুপুর আনুমানিক ১টার দিকে সালমা খাতুন নামে এক নারী খাসের পুকুরে জাকিরুলের মরদেহ ভাসতে দেখে চিৎকার করলে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে, ফাইম ও সুরাইয়ার নানী আবেদা বেগম (স্বামী মৃত সামাদ) নাতি-নাতনিকে খুঁজে না পেয়ে স্থানীয় বাসিন্দা মিন্টু প্রামাণিককে নিয়ে পুকুরে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে ফাইমকে পুকুর থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। সুরাইয়াকে খুঁজে না পাওয়ায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে খবর দেওয়া হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালিয়ে খাসের পুকুর থেকে সুরাইয়ার মরদেহ উদ্ধার করেন।
ঘটনার খবর পেয়ে কাহালু থানার এসআই নিঃ ব্রজেন চন্দ্র মাহাতো সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তিনটি মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন।
এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দেশ বাংলা টিভি নিউজ