
নিজস্ব প্রতিবেদক:- টাঙ্গাইলের মধুপুর উপজেলায় নিজ বাড়িতে এক বৃদ্ধাকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। নিহত নারী স্থানীয় বিএনপি নেতা আবুল কালাম আজাদ মিঠুর মা জালেমন বেগম (৬৫)।
শুক্রবার (৩১ জুলাই) রাতের কোনো এক সময় উপজেলার শোলাকুড়ি ইউনিয়নের শোলাকুড়ি গ্রামে এ ঘটনা ঘটে। স্বামীর মৃত্যুর পর তিনি দীর্ঘদিন ধরে একাই বসবাস করতেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে এক প্রতিবেশী নারী জালেমন বেগমের খোঁজ নিতে গিয়ে ঘরের ভেতর রক্তাক্ত অবস্থায় তাকে পড়ে থাকতে দেখেন। পরে তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে পুলিশকে খবর দেন। খবর পেয়ে মধুপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা লুটপাটের উদ্দেশ্যে বাড়িতে প্রবেশ করে। একপর্যায়ে বৃদ্ধা তাদের চিনে ফেলায় ধারালো অস্ত্র দিয়ে তাকে হত্যা করা হতে পারে। ঘটনার পর তার গলায় থাকা স্বর্ণের চেইন এবং ঘরে সংরক্ষিত কিছু নগদ অর্থ খোয়া গেছে বলে পরিবারের দাবি।
মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম ফজলুল হক বলেন, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটন এবং জড়িতদের শনাক্তে পুলিশ গুরুত্বের সঙ্গে তদন্ত চালিয়ে যাচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হয়েছে।