প্রিন্ট এর তারিখঃ Aug 10, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 10, 2026 ইং
এসএসসি ফলাফলে ছাত্রীরা পাসের হার ও জিপিএ-৫ দুটোতেই এগিয়ে

স্টাফ রিপোর্টার:
এসএসসি ও সমমান পরীক্ষার এবারের ফলাফলে ফের নিজেদের সাফল্যের প্রমাণ দিয়েছে ছাত্রীরা। ১১টি শিক্ষা বোর্ডের প্রকাশিত ফলাফলে পাসের হার এবং জিপিএ-৫ দুই সূচকেই ছেলেদের চেয়ে এগিয়ে রয়েছে তারা।
প্রাপ্ত ফল অনুযায়ী, এবার ছাত্রীদের পাসের হার দাঁড়িয়েছে ৬৬ দশমিক ৬৮ শতাংশে। অন্যদিকে ছাত্রদের পাসের হার ৫৭ দশমিক ৮৬ শতাংশ।
সর্বোচ্চ ফল জিপিএ-৫ পাওয়ার ক্ষেত্রেও মেয়েরা এগিয়ে আছে ।
মোট ১ লাখ ১৬ হাজার ৬৭৬ শিক্ষার্থী এবার জিপিএ-৫ অর্জন করেছে। এর মধ্যে ছাত্রীর সংখ্যা ৬৩ হাজার ৮৯৬ জন। আর ছাত্র জিপিএ-৫ পেয়েছে ৫২ হাজার ৭৮০ জন।
এবারের পরীক্ষায় সব মিলিয়ে উত্তীর্ণ হয়েছে ১১ লাখ ৩৮ হাজার ৮৭৭ জন। উত্তীর্ণদের মধ্যে ছাত্রীর সংখ্যা ৬ লাখ ৭ হাজার ৯৩৯ এবং ছাত্র ৫ লাখ ৩০ হাজার ৯৩৮ জন।
সোমবার (১০ আগস্ট) সকাল ১০ টার দিকে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
উল্লেখ্য, সোমবার এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এবার পরীক্ষায় গড় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন শিক্ষার্থী।
গত বছর এসএসসি ও সমমান পরীক্ষায় সারাদেশে গড় পাসের হার ছিল ৬৮ দশমিক ৪৫ শতাংশ। জিপিএ-৫ পেয়েছিল ১ লাখ ৩৯ হাজার ৩২ জন শিক্ষার্থী।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দেশ বাংলা টিভি নিউজ