প্রিন্ট এর তারিখঃ Aug 10, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 10, 2026 ইং
জামালপুরে ট্রাকের পেছনে প্রাইভেটকারের ধাক্কা, সহকারী জজ নিহত

স্টাফ রিপোর্টার:-
জামালপুরে সড়ক দুর্ঘটনায় সামিউল হক নামে এক সহকারী জজ নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর প্রাইভেটকারের চালক গুরুতর আহত হয়েছেন।
সোমবার (১০ আগস্ট) ভোর ৪ টার দিকে ময়মনসিংহ-জামালপুর মহাসড়কের জামালপুর সদর উপজেলার লাহিড়িকান্দি বাজার এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে একটি প্রাইভেটকার জামালপুরের দিকে যাচ্ছিল। লাহিড়িকান্দি বাজার এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকারটি সজোরে ধাক্কা দেয়। এতে গাড়িটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।
দুর্ঘটনায় প্রাইভেটকারে থাকা সামিউল হক গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। একই ঘটনায় গাড়িচালকও গুরুতর আহত হয়েছেন। তাকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহত সামিউল হক জামালপুর জজ আদালতে সহকারী জজ হিসেবে কর্মরত ছিলেন এবং ইসলামপুরে দায়িত্ব পালন করছিলেন। তাঁর বাড়ি নেত্রকোনার বারহাট্টা উপজেলার রায়পুর ইউনিয়নের চিছড়াকান্দা গ্রামে। তিনি পরিকল্পনা মন্ত্রণালয়ের সাবেক সচিব এ কে এম ফজলুল হক (কাশেম)-এর ছোট ছেলে।
পরিবারের সদস্যদরা জানান, রোববার দিবাগত রাতে ঢাকা থেকে কর্মস্থল জামালপুরের উদ্দেশে রওনা হয়েছিলেন সামিউল হক।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। সেখান থেকে প্রাইভেটকারের দুই আরোহীকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসক সামিউল হককে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দেশ বাংলা টিভি নিউজ