প্রিন্ট এর তারিখঃ Aug 13, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 11, 2026 ইং
সিরাজগঞ্জে শাহজাদপুরে সুতার দোকানে আগুন, দগ্ধ কর্মচারী, ক্ষতি ৭০ লাখ টাকা

স্টাফ রিপোর্টার:-
রাতের নীরবতা ভেঙে হঠাৎ আগুনের লেলিহান শিখা। মুহূর্তেই ছড়িয়ে পড়ে সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর শহরের দারিয়াপুর বাজারের কাকলী মার্কেটের একটি সুতার দোকানে। আগুনে দোকানের বিপুল পরিমাণ সুতা পুড়ে গেছে। এ সময় ভেতরে থাকা কামাল (৪০) নামে এক কর্মচারী দগ্ধ হয়েছেন।
রোববার (৯ আগস্ট) রাত ১০টার দিকে মো. হোসাইনের মালিকানাধীন ‘ঋতু ট্রেডার্সে’ এ অগ্নিকাণ্ড ঘটে।
স্থানীয়দের ভাষ্য, আগুন লাগার পর দোকানের ভেতর থেকে বিকট শব্দ শোনা যায়। পরে তারা সেখানে গিয়ে আগুন দেখতে পান। খবর ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। একই সঙ্গে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।
পরে শাহজাদপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টা চেষ্টা চালানোর পর আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিস জানায়, ঘটনাস্থলের আশপাশে পানির পর্যাপ্ত উৎস না থাকায় আগুন নিয়ন্ত্রণে কিছুটা সময় লেগেছে।
অগ্নিকাণ্ডের সময় দোকানের ভেতরে ঘুমিয়ে ছিলেন কর্মচারী কামাল। আগুনে তিনি দগ্ধ হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। পরে দোকান মালিক হোসাইন তাকে পিপিডি ট্রাস্ট হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে তাকে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
দোকান মালিকের স্বজনদের দাবি, আগুনে দোকানে মজুত থাকা প্রায় ৭০ লাখ টাকার সুতা সম্পূর্ণ পুড়ে গেছে। তবে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোনো চূড়ান্ত হিসাব দেওয়া হয়নি।
শাহজাদপুর ফায়ার সার্ভিসের টিম লিডার মো. পারভেজ বলেন, আগুনের খবর পাওয়ার পর দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে আগুনের সূত্রপাতের কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ফায়ার সার্ভিস জানিয়েছে, তদন্তের পর অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দেশ বাংলা টিভি নিউজ