প্রিন্ট এর তারিখঃ Aug 14, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 13, 2026 ইং
সিলেটে দম্পতি ও গৃহকর্মী হত্যা: বাবুল মিয়া আটক

স্টাফ রিপোর্টার:
সিলেট নগরীর রায়নগরে একই পরিবারের দুই সদস্য ও তাদের গৃহকর্মীকে গলা কেটে হত্যার ঘটনায় বাবুল মিয়া নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। ১২ আগস্ট, (বুধবার) রাতে রায়নগর এলাকা থেকে তাকে আটক করে কোতোয়ালি মডেল থানা পুলিশ।
পুলিশ জানিয়েছে, আটক বাবুল মিয়া রায়নগর রাজবাড়ি এলাকার আক্তার মিয়ার কলোনির বাসিন্দা। তিনি মৃত নূর মিয়া ওরফে নূর কবিরাজের ছেলে। জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের সঙ্গে তার সম্পৃক্ততার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলে দাবি পুলিশের।
তদন্ত সংশ্লিষ্টদের ভাষ্য, নিহতদের বাসার গৃহকর্মী তাহমিনার সঙ্গে বাবুলের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। প্রাথমিক তদন্তে এই সম্পর্ককে হত্যাকাণ্ডের সম্ভাব্য কারণগুলোর একটি হিসেবে বিবেচনা করা হচ্ছে।
এর আগে বুধবার সকালে রায়নগরের মিতালী আবাসিক এলাকার একটি বাসা থেকে ব্যবসায়ী আব্দুস সাত্তার, তার স্ত্রী সুরাইয়া বেগম এবং গৃহকর্মী তাহমিনার গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। একই বাসায় তিনজনের মরদেহ পাওয়ার ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, আব্দুস সাত্তার ও তার স্ত্রী ওই বাসায় দীর্ঘদিন ধরে বসবাস করছিলেন। তাদের দেখাশোনার কাজে নিয়োজিত ছিলেন তাহমিনা। নিহত দম্পতির চার সন্তানই দেশের বাইরে থাকেন।
পুলিশ বলছে, হত্যাকাণ্ডের পেছনের কারণ ও ঘটনার বিস্তারিত জানতে তদন্ত অব্যাহত রয়েছে। তদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দেশ বাংলা টিভি নিউজ