স্টাফ রিপোর্টার:
ময়মনসিংহ নগরীর মাসকান্দায় কম্পিউটারের দোকানে ঢুকে যুবক রাব্বীকে হত্যার ঘটনায় দ্রুত একজনকে গ্রেপ্তার করেছে র্যাব। ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই প্রধান আসামি হিসেবে আব্দুল খালেককে (২৬) আটক করা হয়।
র্যাব-১৪ জানায়, বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে মাসকান্দায় আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে রাব্বীর ওপর হামলার খবর পাওয়ার পর থেকেই হত্যায় জড়িতদের শনাক্তে কাজ শুরু করে তাদের একটি দল। সিসিটিভি ক্যামেরার ফুটেজ, প্রযুক্তিগত তথ্য ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে খালেকের অবস্থান শনাক্ত করা হয়।
পরে রাতে নগরীর কোতোয়ালী থানার রঘুরামপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। র্যাবের দাবি, হত্যাকাণ্ডের প্রায় আট ঘণ্টার মধ্যেই প্রধান আসামিকে আইনের আওতায় আনা সম্ভব হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আব্দুল খালেক হত্যার সঙ্গে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে র্যাব। প্রাথমিক অনুসন্ধানে রাব্বীর সঙ্গে পূর্ববিরোধের বিষয়টি সামনে এসেছে। তবে হত্যার প্রকৃত কারণ এবং ঘটনায় আরও কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।
এর আগে দুপুরে পাসপোর্ট অফিসের সামনের একটি কম্পিউটারের দোকানে অবস্থান করছিলেন রাব্বী। এ সময় কয়েকজন হামলাকারী সেখানে ঢুকে তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। আত্মরক্ষার জন্য দোকানের ভেতরে সরে গেলেও হামলাকারীরা তাকে ছাড়েনি।
স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় রাব্বীকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হামলার সময় রাব্বীকে রক্ষা করতে গিয়ে তার ভাই রিয়াদও আহত হন।
নিহত রাব্বী মাসকান্দা এলাকার বাসিন্দা ছিলেন। পড়াশোনার পাশাপাশি পাসপোর্ট অফিসের সামনে কম্পিউটারের ব্যবসা করতেন তিনি।
ঘটনার পর ব্যস্ত ওই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। প্রকাশ্য স্থানে এমন হত্যাকাণ্ডে স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দেয়।
কোতোয়ালী মডেল থানা পুলিশের প্রাথমিক বক্তব্যে জমিজমা নিয়ে বিরোধের বিষয়টি উঠে এসেছিল। রাব্বীর প্রতিবেশী সাব্বিরের পরিবারের সঙ্গে দীর্ঘদিনের বিরোধের বিষয়টিও তদন্ত করা হচ্ছে। অন্যদিকে র্যাবের অনুসন্ধানে পূর্বশত্রুতার কারণে হত্যার তথ্য পাওয়া গেছে।
র্যাব-১৪-এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার সামসুজ্জামান বলেন, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে হত্যাকাণ্ডে জড়িত অন্যদের ধরতে অভিযান চালানো হচ্ছে।
দেশ বাংলা টিভি ডেক্স