টাঙ্গাইলের কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে পরিচ্ছন্ন ও রোগীবান্ধব রাখতে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে কালিহাতী পৌরসভা।
শনিবার (১৫ আগস্ট) সকাল ১০টার দিকে হাসপাতাল চত্বরে এ কর্মসূচির শুরু হয়। অভিযানে হাসপাতালের বিভিন্ন অংশের ময়লা-আবর্জনা অপসারণের পাশাপাশি পানি জমে থাকার স্থান, ঝোপঝাড় এবং ডেঙ্গু মশার বংশবিস্তারের আশঙ্কা রয়েছে এমন জায়গাগুলো পরিষ্কার করা হয়।
কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌরসভার প্রশাসক ফারজানা আক্তার কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, স্বাস্থ্য কমপ্লেক্সের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী এবং পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কর্মসূচির উদ্বোধন শেষে ইউএনও ফারজানা আক্তার বলেন, হাসপাতাল শুধু চিকিৎসা দেওয়ার জায়গা নয়, রোগীদের সুস্থতার জন্য একটি নিরাপদ ও পরিচ্ছন্ন পরিবেশও প্রয়োজন। বর্ষাকালে ডেঙ্গুর ঝুঁকি বাড়ায় মশার প্রজননস্থল ধ্বংসের পাশাপাশি সবাইকে নিজ নিজ বাড়ি ও আশপাশ পরিচ্ছন্ন রাখার বিষয়ে সচেতন হতে হবে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিরুফা তাজনীন বলেন, নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম হাসপাতালের পরিবেশকে আরও নিরাপদ করবে। এতে রোগী ও তাদের স্বজনদের জন্য স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে।
কালিহাতী পৌরসভার নির্বাহী কর্মকর্তা শিব প্রসাদ সূত্রধর জানান, মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী বর্ষা মৌসুমে জনসমাগমপূর্ণ বিভিন্ন স্থানে পর্যায়ক্রমে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হচ্ছে। ডেঙ্গু প্রতিরোধে মশার প্রজননস্থল চিহ্নিত করে পরিষ্কার করার এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
দেশ বাংলা টিভি ডেক্স