নিজস্ব প্রতিনিধি:
রাজধানীর ভাটারার বসুন্ধরা ১০০ ফুট সড়কে প্রাইভেটকারের ধাক্কায় সাজ্জাদ হোসেন রাতুল (৩২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
শুক্রবার (২১ আগস্ট) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত রাতুলকে কয়েক দফা চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে নেওয়ার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে বিকেল সোয়া ৩টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের বোন সম্পা আক্তার জানান, রাতুল বর্তমানে বাড্ডার বেরাইদ এলাকায় স্ত্রীকে নিয়ে বসবাস করতেন। তিনি যমুনা ফিউচার পার্কের একটি পোশাকের দোকানে কর্মরত ছিলেন। তাদের বাবার নাম মো. শাহজাহান গাজী এবং গ্রামের বাড়ি বনানী-মহাখালী মধ্যপাড়া এলাকায়।
স্বজনদের ভাষ্য অনুযায়ী, শুক্রবার সকালে মোটরসাইকেলে করে কর্মস্থলের দিকে যাচ্ছিলেন রাতুল। বসুন্ধরা ১০০ ফুট এলাকায় পৌঁছালে একটি প্রাইভেটকারের সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয় পথচারীরা আহত রাতুলকে উদ্ধার করে ইউনাইটেড হাসপাতালে নিয়ে যান। পরে স্বজনরা তাকে পঙ্গু হাসপাতালে নেন। অবস্থার অবনতি হলে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে স্থানান্তর করা হয়। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের স্বজনরা জানিয়েছেন, দুর্ঘটনায় জড়িত প্রাইভেটকারটি ও এর চালককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, রাতুলের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনার বিষয়টি ভাটারা থানা-পুলিশ তদন্ত করছে।
দেশ বাংলা টিভি ডেক্স