স্টাফ রিপোর্টার:
বাড়ির গোসলখানার পাশেই যত্ন করে বেড়ে উঠছিল গাঁজার গাছ। দেখতে বিশাল আকৃতির ওই গাছটির উচ্চতা প্রায় ১২ ফুট। শেষ পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাছটি উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ঘটনায় হারেজ মন্ডল (৫২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
শুক্রবার (২১ আগস্ট) রাত ৯টার দিকে জয়পুরহাটের কালাই উপজেলার উদয়পুর ইউনিয়নের আকলাপাড়া গ্রামে হারেজ মন্ডলের বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে বাড়ির গোসলখানার পাশে লাগানো গাঁজার গাছটি উদ্ধার করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দাবি, গাছটির উচ্চতা প্রায় ১২ ফুট এবং ওজন আনুমানিক ৪ কেজি। আটক হারেজ মন্ডল আকলাপাড়া গ্রামের মৃত জলিল মন্ডলের ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্র জানায়, হারেজ মন্ডলের বাড়িতে গাঁজার গাছ থাকার খবর পেয়ে জয়পুরহাট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল সেখানে অভিযান চালায়।
এসআই সিরাজুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে গাছটি উদ্ধার এবং হারেজ মন্ডলকে আটক করা হয়।
জয়পুরহাট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এসআই সিরাজুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে হারেজ মন্ডলের বাড়িতে গাঁজার গাছ থাকার তথ্য পাওয়া যায়। পরে অভিযান চালিয়ে গাছটি উদ্ধার করা হয় এবং হারেজ মন্ডলকে আটক করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কালাই থানায় নিয়মিত মামলা করা হয়েছে।
দেশ বাংলা টিভি ডেক্স