মোঃ সামির হোসেন । প্রযুক্তি ডেস্কঃ
অ্যাপলের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নিয়ে দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান হলো। অবশেষে অ্যাপল আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে যে, তারা তাদের ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট সিরিকে আরও শক্তিশালী করার জন্য গুগলের তৈরি জেমিনি মডেল ব্যবহার করছে।
সূত্র অনুযায়ী, গত জানুয়ারি ২০২৬ এ অ্যাপল এবং গুগলের মধ্যে একটি বড় চুক্তি হয়। সেই চুক্তির ফল হিসেবেই ২০২৬ সালের সেপ্টেম্বর থেকে নতুন সিরির পাবলিক বিটা সংস্করণ ইংরেজি ভাষায় উন্মুক্ত করা হয়েছে। নতুন এই সিরি আগের চেয়ে অনেক বেশি স্বাভাবিকভাবে কথা বলতে পারবে, জটিল প্রশ্ন বুঝতে পারবে এবং ফোনের বিভিন্ন অ্যাপের ভেতরের কাজগুলো নিজে থেকেই করে দিতে পারবে।
এর আগে অ্যাপল সিরিতে ওপেনএআই-এর চ্যাটজিপিটি যুক্ত করেছিল। কিন্তু পারফরম্যান্স এবং গোপনীয়তা নিয়ে সন্তুষ্ট না হওয়ায় তারা গুগলের দিকে ঝুঁকে পড়ে। ফিনান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, অ্যাপলের এই সিদ্ধান্তে ওপেনএআই বেশ ক্ষুব্ধ এবং প্রাথমিক চুক্তি ভঙ্গের অভিযোগে তারা অ্যাপলের বিরুদ্ধে মামলা করার কথাও ভাবছে।
বিশেষজ্ঞরা বলছেন, এটি এআই জগতে এক বিশাল ক্ষমতার পরিবর্তন। চ্যাটজিপিটিতে বিজ্ঞাপন আসা থেকে শুরু করে অ্যাপলের গুগল জেমিনিকে বেছে নেওয়া ,এই সবকিছুই প্রমাণ করে যে এআই এখন শুধু প্রযুক্তি নয়, এটি এখন পুরোপুরি 'মানি এরা' বা বাণিজ্যিক যুগে প্রবেশ করেছে।
নিউজটি আপডেট করেছেন : দেশ বাংলা টিভি ডেস্ক