নিজস্ব প্রতিনিধি:
মাগুরার শ্রীপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ নামে তিন বছরের এক শিশু নিহত হয়েছে। শিশুটিকে চাপা দেওয়ার পর পালিয়ে যাওয়ার সময় স্থানীয়দের ধাওয়ায় প্রায় পাঁচ কিলোমিটার দূরে গিয়ে লাটাহাম্বারটি দুর্ঘটনার কবলে পড়ে। পরে ওই গাড়ির চালককে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।
শনিবার (২৯ আগস্ট) বিকেলে উপজেলার আমলসার ইউনিয়নের মাদিয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
পরিবার ও স্থানীয়দের ভাষ্য, মাদিয়াপাড়ায় নানাবাড়ির কাছে রাস্তার পাশে খেলছিল মোহাম্মদ। এ সময় বদনপুরের দিক থেকে শ্রীপুরমুখী একটি খালি লাটাহাম্বার আসছিল। শিশুটি আচমকা সড়কে উঠে পড়লে গাড়ির নিচে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর স্থানীয়দের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তারা লাটাহাম্বারটির পিছু নিলে চালক গাড়ি নিয়ে দ্রুত সেখান থেকে চলে যাওয়ার চেষ্টা করেন। প্রায় পাঁচ কিলোমিটার যাওয়ার পর কালিনগর বাজার অতিক্রম করে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা খায়।
এ সময় গাড়িতে থাকা তিনজনের মধ্যে দুজন পালিয়ে যান। অপরজন দৌড়ে আসাদুজ্জামান নামে এক ব্যক্তির বাড়িতে ঢুকে দরজা বন্ধ করে দেন। স্থানীয়রা বাড়িটি ঘিরে রাখার পর পুলিশকে খবর দেওয়া হয়।
পরে শ্রীপুর থানার সেকেন্ড অফিসার এসআই তৌহিদুর রহমানের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই ব্যক্তিকে আটক করে। উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান বদরুল আলম হিরোর সহযোগিতায় তাকে থানায় নেওয়া হয়।
আটক ব্যক্তি বিপুল শেখ (২৫)। তিনি উপজেলার রায়নগর গ্রামের লাভলু শেখের ছেলে। পালিয়ে যাওয়া দুজনের নাম পরান ও স্বজল। তারা নাকোল গ্রামের বাসিন্দা।
তবে বিপুল শেখের দাবি, দুর্ঘটনার সময় লাটাহাম্বারটি তিনি চালাচ্ছিলেন না। তার ভাষ্য অনুযায়ী, হেলপার পরান গাড়িটি চালাচ্ছিল।
নিহত শিশুটির পারিবারিক অবস্থাও হৃদয়বিদারক। স্বজনরা জানান, মোহাম্মদের বয়স যখন মাত্র তিন মাস, তখন তার বাবা-মায়ের বিচ্ছেদ হয়। এরপর মায়ের সঙ্গে মাদিয়াপাড়ায় নানা আকমল শেখের বাড়িতে বড় হচ্ছিল সে। তার বাবা কবীর মন্ডল ঝিনাইদহের শৈলকূপা উপজেলার পূর্ব মাদলা গ্রামের বাসিন্দা।
স্থানীয়দের দাবি, দুর্ঘটনার প্রকৃত কারণ এবং ঘটনার সময় গাড়িটি কে চালাচ্ছিলেন, তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে নিশ্চিত করে দায়ীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।
শ্রীপুর থানার পুলিশ জানিয়েছে, এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। এদিকে মোহাম্মদের মৃত্যুতে মাদিয়াপাড়া এলাকায় নেমে এসেছে শোকের আবহ।
দেশ বাংলা টিভি ডেক্স