নিজস্ব প্রতিবেদক, ঢাকা:
জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে স্কুলশিক্ষিকা রনজিনা পারভীন নিহত হওয়ার ঘটনায় একজনকে আটক করেছে র্যাব। এ সময় ছিনতাইয়ে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।
রোববার (৩০ আগস্ট) দুপুরে র্যাব-২-এর অধিনায়ক নয়মুল হাসান বিষয়টি নিশ্চিত করেন। আটক ব্যক্তির নাম মো. পনি, যিনি ‘প্যারা পনি’ নামে পরিচিত।
র্যাবের প্রাথমিক তথ্য অনুযায়ী, শনিবার ভোরে সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে রিকশায় করে যাচ্ছিলেন রনজিনা পারভীন।
এ সময় একটি মোটরসাইকেলে থাকা ছিনতাইকারীরা তাঁর হাতে থাকা ব্যাগ টান দিয়ে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। হঠাৎ টানে তিনি রিকশা থেকে সড়কে পড়ে যান। এতে মাথায় গুরুতর আঘাত পান তিনি।
পরে তাঁকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার পর র্যাব-২ ছায়াতদন্ত শুরু করে। তদন্তের একপর্যায়ে মোটরসাইকেলের পেছনে থাকা পনি ওরফে প্যারা পনিকে আটক করা হয়। একই সঙ্গে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে।
র্যাব জানিয়েছে, আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাঁর কাছ থেকে ঘটনার সঙ্গে জড়িত অন্যদের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার পাশাপাশি পুরো ঘটনার রহস্য উদঘাটনের আশা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
এ ঘটনায় বিস্তারিত তথ্য জানাতে রোববার বিকেল ৪টায় সংবাদ সম্মেলন করবে র্যাব।
নিহত রনজিনা পারভীনের বয়স ৪৫ বছর। তিনি চিকিৎসার জন্য বগুড়া থেকে ঢাকায় এসেছিলেন। রাজধানীর ফার্মগেট এলাকার ইসলামিয়া চক্ষু হাসপাতালে তাঁর চিকিৎসা নেওয়ার কথা ছিল। আগের রাতে গাবতলী বাস টার্মিনালে পৌঁছানোর পর রিকশায় করে ফার্মগেটের দিকে যাচ্ছিলেন তিনি।
সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে পৌঁছানোর পর পেছন থেকে মোটরসাইকেলে আসা ছিনতাইকারীরা তাঁর ব্যাগ ধরে টান দেয়। একপর্যায়ে রিকশা থেকে ছিটকে সড়কে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে হাসপাতালে নেওয়া হলে তাঁর মৃত্যু হয়।
দেশ বাংলা টিভি ডেক্স