নিজস্ব প্রতিনিধি:
পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে বাসের ধাক্কায় মো. আতিক (৩২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার দলুগাজীর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আতিক পটুয়াখালী সদর উপজেলার লাউকাঠী ইউনিয়নের জামুরা গ্রামের বাসিন্দা। তিনি মাওলানা আশরাফ হাওলাদারের ছেলে। স্থানীয়ভাবে জানা গেছে, আতিক ডিলারি ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন।
পুলিশ ও স্থানীয়দের ভাষ্য, সকালে মোটরসাইকেল নিয়ে মহাসড়ক দিয়ে যাওয়ার সময় দলুগাজীর মোড় এলাকায় একটি সিকদার পরিবহনের বাসের সঙ্গে আতিকের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর বাসটি নিয়ে চালক ঘটনাস্থল ত্যাগ করেন। খবর পেয়ে পটুয়াখালী সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আতিকের মরদেহ উদ্ধার করে। একই সঙ্গে দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি জব্দ করা হয়।
পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত হওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। দুর্ঘটনার সঙ্গে জড়িত বাস ও চালককে শনাক্তের চেষ্টা চলছে। শনাক্তের পর আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
দেশ বাংলা টিভি ডেক্স