কালিহাতী থেকে জাহাঙ্গীর আলম :
টাঙ্গাইলের কালিহাতীতে নিজ বাড়ির একটি কক্ষ থেকে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনা ঘটেছে। শনিবার (১২ সেপ্টেম্বর) উপজেলার বাংড়া ইউনিয়নের খিলদা দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে পরিবারের লোকজন ঘরের ভেতর ওই যুবককে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে বিষয়টি থানায় জানানো হলে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে।
মৃত যুবক সাদিকুর রহমান (২০) ওই গ্রামের খোকনের ছেলে। তিনি চলতি বছরের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন।
পুলিশের প্রাথমিক পর্যবেক্ষণে মরদেহে কোনো ধরনের আঘাতের দৃশ্যমান চিহ্ন পাওয়া যায়নি। তবে কী কারণে এমন ঘটনা ঘটেছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।
কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কাইয়ুম খান সিদ্দিকী বলেন, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে মনে হচ্ছে। পরিবারের পক্ষ থেকেও এ ঘটনায় কোনো অভিযোগ করা হয়নি।
তিনি জানান, স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত না করেই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা নথিভুক্ত করা হয়েছে।
দেশ বাংলা টিভি ডেক্স