টাঙ্গাইল প্রতিনিধি:
টাঙ্গাইলের মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণের সরকারি পাঠ্যবই প্রায় এক টন উদ্ধার করে জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় ইব্রাহীম হোসেন নামে এক ভাঙারি ব্যবসায়ীকে আটক করে পুলিশের কাছে পাঠানো হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার নরকোনা গ্রামের ইব্রাহীম হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে এসব বই জব্দ করা হয়। উপজেলা প্রশাসন জানায়, দুটি ব্যাটারিচালিত ভ্যানে করে বইগুলো অন্যত্র নেওয়ার প্রস্তুতি চলছিল।
স্থানীয়দের সূত্রে জানা যায়, বাড়ি থেকে দুটি অটোভ্যানে বই নেওয়ার সময় বিষয়টি কয়েকজনের সন্দেহ হয়। পরে তারা বইগুলো পরীক্ষা করে দেখতে পান, সেগুলো নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য পাঠ্যবই। বিষয়টি স্থানীয় সংবাদকর্মী ও পুলিশকে জানানো হলে প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে যান।
পরে মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম ও সহকারী কমিশনার (ভূমি) নঈম উদ্দীন ঘটনাস্থলে গিয়ে বইগুলো জব্দ করেন এবং ইব্রাহীম হোসেনকে আটক করে থানায় পাঠানোর ব্যবস্থা করেন।
স্থানীয় বাসিন্দা হোসেন মোবারকের অভিযোগ, ইব্রাহীম হোসেন এর আগেও মধুপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের গুদাম থেকে বিনামূল্যের পাঠ্যবই কেজি দরে কিনে এনে বিক্রি করতেন। তাঁর দাবি, মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) কয়েক ভ্যান বই গুদাম থেকে এনে পরদিন সেগুলো অন্যত্র নেওয়ার চেষ্টা করা হয়।
তবে অভিযোগ অস্বীকার করে ইব্রাহীম হোসেন দাবি করেন, মধুপুর শিক্ষা অফিসের অনুমোদন নিয়েই নাইটগার্ড তোফায়েল আহমেদের সহযোগিতায় গুদাম থেকে কেজি দরে বইগুলো কিনে এনেছেন। এতে তাঁর কোনো দোষ নেই বলেও দাবি করেন তিনি।
বই বিতরণের দায়িত্বে থাকা একাডেমিক কর্মকর্তা মহিউদ্দীন জানান, তাঁর অগোচরে নাইটগার্ড এ ধরনের কাজ করেছেন। তাঁর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
মধুপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) বাবুল হাসান ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, সরকারি বিনামূল্যের পাঠ্যবই কীভাবে শিক্ষা অফিসের গুদাম থেকে বাইরে গেল, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় মধুপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বাবুল হাসান বাদী হয়ে মধুপুর থানায় একটি নিয়মিত মামলা করেছেন।
দেশ বাংলা টিভি ডেক্স