মোঃ স্বাধীন খান, বগুড়া জেলা প্রতিনিধি
বগুড়ার শাজাহানপুরে যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ৭৭৫ পিস ইয়াবাসহ মো. আবুল কালাম (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ঢাকা-রংপুর মহাসড়কের নয়মাইল জামালপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বগুড়া জেলা কার্যালয় সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই এলাকায় মাদকের একটি চালান পাচারের খবর পাওয়া যায়। এর পরিপ্রেক্ষিতে উপ-পরিচালক মোহা. জিললুর রহমানের নেতৃত্বে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের সময় ঢাকা থেকে রংপুরগামী ‘অরিন ট্রাভেলস’ নামের একটি যাত্রীবাহী কোচ থামিয়ে তল্লাশি চালানো হয়। বাসটির রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো-ব-১২-৩৯২০। পরে বাসের এফ-১ আসনে বসা আবুল কালামের দেহ তল্লাশি করা হলে তার কাছে থাকা প্যাকেট থেকে ইয়াবা উদ্ধার করা হয়।
ডিএনসি সূত্র জানায়, কালো স্কচটেপে মোড়ানো নীল রঙের জিপারযুক্ত চারটি পলি প্যাকেট পাওয়া যায়। এর মধ্যে তিনটি প্যাকেটে কমলা রঙের অ্যাম্ফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট ছিল। সব মিলিয়ে ৭৭৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় তার কাছ থেকে দুটি মোবাইল ফোনও জব্দ করা হয়। প্রকাশিত আরেকটি প্রতিবেদনে মাদক পরিবহনে বিশেষ কৌশল ব্যবহারের কথাও উল্লেখ করা হয়েছে।
গ্রেপ্তার আবুল কালাম কক্সবাজার জেলার রামু উপজেলার জোয়ারিয়া নালা এলাকার মো. বক্তার আলীর ছেলে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. আসলাম আলী মন্ডল বাদী হয়ে শাজাহানপুর থানায় একটি নিয়মিত মামলা করেছেন। মামলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ (সংশোধন, ২০২৬) আইন, ২০১৮-এর ৫৬ ধারা প্রয়োগ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, উদ্ধার হওয়া মাদকের চালানের সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তে সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেলে তাদেরও আইনের আওতায় আনার প্রক্রিয়া নেওয়া হবে।
মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
মো: স্বাধীন খান (বগুড়া জেলা প্রতিনিধি)