স্টাফ রিপোর্টার:
লক্ষ্মীপুর সদর উপজেলার শাকচর ইউনিয়নে অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি একনলা বন্দুক, বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র ও ১৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) রাতে সদর উপজেলার শাকচর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ফরাজি বাড়ি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, শাকচর ইউনিয়নের ফরাজি বাড়ির বাহারের ছেলে হাসান ওরফে শান্ত এবং আলমের ছেলে শরিফ।
জেলা পুলিশের প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, অভিযানে হাসান ওরফে শান্তর কাছ থেকে একটি দেশীয় তৈরি একনলা বন্দুক, একটি চাইনিজ কুড়াল, একটি কালো বেসবল ব্যাট, একটি টিপ ছুরি এবং একটি নীল জিপারের ভেতর থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
অন্যদিকে, শরিফের হেফাজতে থাকা একটি নীল জিপারের ভেতর থেকে আরও ৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। সব মিলিয়ে দুইজনের কাছ থেকে ১৭০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
লক্ষ্মীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
দেশ বাংলা টিভি ডেক্স