স্টাফ রিপোর্টার:-
কুমিল্লার দেবিদ্বারে পারিবারিক বিরোধের মধ্যে মা ও আট মাস বয়সী ভাতিজিকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে ইমন (২৫) নামে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় নিহত নারীর পুত্রবধূ গুরুতর আহত হয়েছেন।
সোমবার (২০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বড়শালঘর ইউনিয়নের বড়শালঘর গ্রামের দক্ষিণ পাড়ায় মোস্তফা মাস্টারের বাড়িতে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়দের সহায়তায় অভিযুক্ত ইমনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
নিহতরা হলেন,ওই গ্রামের ফরিদ মিয়ার স্ত্রী পেয়ারা বেগম (৬৫) এবং তার আট মাস বয়সী নাতনি ইসরাত। এ ঘটনায় পেয়ারা বেগমের পুত্রবধূ রাবেয়া বেগম (৩৫) গুরুতর আহত হয়েছেন।
স্থানীয়দের বরাতে জানা গেছে, সকালে ইমন হঠাৎ উত্তেজিত হয়ে ধারালো দা নিয়ে তার মা পেয়ারা বেগমের ওপর হামলা চালান। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান বলে স্থানীয়রা জানান। এরপর শিশুটির ওপরও হামলা চালানো হয়। তাকে ঠেকাতে এগিয়ে গেলে রাবেয়া বেগমকেও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়।
পরে আশপাশের লোকজন এগিয়ে এসে আহত রাবেয়া বেগমকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। একই সময় স্থানীয়রা ইমনকে আটক করে একটি ঘরে রাখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়।
দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মরিুজ্জামন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত ইমনকে আটক করেছে। হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
দেশ বাংলা টিভি ডেক্স