মো: স্বাধীন খান, বগুড়া প্রতিনিধি:
বগুড়া সদর উপজেলার নিশিন্দারা মধ্যপাড়া এলাকায় শহিদ ব্রেড অ্যান্ড বিস্কুট কারখানায় যৌথ অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের অভিযোগে প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একইসঙ্গে অনিরাপদ ও ব্যবহার অনুপযোগী বিপুল পরিমাণ খাদ্য উপকরণ জব্দ করে ধ্বংস করা হয়।
বুধবার (৭ অক্টোবর) দুপুর থেকে আড়াইটা পর্যন্ত বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, বগুড়া, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং এসআরবি-১২-এর সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে কারখানাটিতে খাদ্যপণ্য তৈরির ক্ষেত্রে একাধিক অনিয়মের চিত্র উঠে আসে। পরিদর্শনকালে অস্বাস্থ্যকর পরিবেশে চানাচুর সংরক্ষণ, অপরিচ্ছন্ন স্থানে ময়দার ডো প্রস্তুত এবং পায়ে মাড়িয়ে ডো তৈরির মতো অনিয়ম দেখতে পান কর্মকর্তারা।
এ ছাড়া পোড়া তেলে চানাচুর ভাজা, মেঝেতে ফেলে রাখা চানাচুরে মসলা মেশানো, রান্নাঘরে তেলাপোকাসহ বিভিন্ন পোকামাকড়ের উপস্থিতি এবং নন-ফুড গ্রেড রং ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। খাদ্য প্রস্তুতকারীদের প্রয়োজনীয় ব্যক্তিগত সুরক্ষা পোশাক না পরার বিষয়টিও অভিযানে ধরা পড়ে।
এসব অনিয়মের কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪২ ও ৪৩ ধারায় প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা অর্থদণ্ড করা হয়। পরে জরিমানার অর্থ আদায় করা হয়।
অভিযানে আনুমানিক ৮০ কেজি পায়ে মাড়িয়ে তৈরি ময়দার ডো, ৭০ কেজি চামড়ায় ব্যবহৃত লবণ এবং ৮০ কেজি ব্যবহার অনুপযোগী পোড়া তেল জব্দ করা হয়। পরে বিধি অনুযায়ী এসব উপকরণ ধ্বংস করা হয়।
বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বগুড়া কার্যালয়ের নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রাসেল এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মেহেদি হাসানের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। এ সময় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
অভিযানের সার্বিক নিরাপত্তায় এসআরবি-১২, বগুড়া এবং জেলা পুলিশের একটি দল দায়িত্ব পালন করে।
পরে কারখানা কর্তৃপক্ষকে খাদ্য উৎপাদন ও সংরক্ষণের ক্ষেত্রে সরকারি সব আইন ও বিধিবিধান যথাযথভাবে মেনে চলার নির্দেশনা দেওয়া হয়।
দেশ বাংলা টিভি ডেক্স