স্টাফ রিপোর্টার:
কুষ্টিয়ার কুমারখালী শহরে একটি কুকুরের হামলায় শিশু, নারী ও পুরুষসহ অন্তত ৪২ জন আহত হয়েছেন। বুধবার (৭ অক্টোবর) সন্ধ্যার দিকে শহরের বিভিন্ন এলাকায় পথচারীদের ওপর কুকুরটি একের পর এক হামলা চালায়। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
জানা গেছে, সন্ধ্যার সময় কুকুরটি হলবাজার, আমতলা, ইন্দ্রা মোড়সহ শহরের বিভিন্ন সড়কে ঘোরাফেরা করছিল। এ সময় সামনে পড়া মানুষকে হঠাৎ কামড়ে আহত করে সেটি দ্রুত অন্যদিকে চলে যায়। পরে আহতদের অনেকে চিকিৎসার জন্য কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান।
হাসপাতাল সূত্রে জানা যায়, কুকুরের কামড়ে আহত হয়ে বেশ কয়েকজন জরুরি বিভাগে চিকিৎসা নিতে আসেন। আহতদের মধ্যে কয়েকজনের শরীরে গুরুতর ক্ষতও ছিল।
এ পর্যন্ত ২৭ জনকে জলাতঙ্ক প্রতিরোধী ভ্যাকসিন দেওয়া হয়েছে। যাদের পরে হাসপাতালে আসার প্রয়োজন রয়েছে, তাদের বৃহস্পতিবার সকালে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
আহতদের একজন রোকনুর জানান, তিনি হলবাজার এলাকায় দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ পেছন দিক থেকে কুকুরটি এসে তার হাঁটুতে কামড় দিয়ে দ্রুত সরে যায়।
স্থানীয় বাসিন্দা আরিফুল বলেন, সন্ধ্যার পর হাসপাতালে গিয়ে তিনি দেখতে পান, শহরের বিভিন্ন এলাকা থেকে একের পর এক মানুষ কুকুরের কামড়ে আহত হয়ে চিকিৎসা নিতে এসেছেন। দ্রুত কুকুরটিকে আটক করা না হলে আরও মানুষ আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের সহকারী সার্জন প্রত্যয় বিশ্বাস বলেন, কুকুরের কামড়ে আহত অনেকেই হাসপাতালে চিকিৎসা নিতে এসেছেন। তাদের মধ্যে কয়েকজনের শরীরে বড় ধরনের ক্ষত পাওয়া গেছে। ২৭ জনকে ইতোমধ্যে ভ্যাকসিন দেওয়া হয়েছে।
ঘটনার বিষয়ে কুমারখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা নাভিদ সারওয়ার জানান, খবর পাওয়ার পর আহতদের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে। কুকুরটিকে শনাক্ত ও নিয়ন্ত্রণে প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এদিকে হামলাকারী কুকুরটি এখনো নিয়ন্ত্রণে না আসায় সন্ধ্যার পর শহরের বিভিন্ন এলাকায় চলাচলকারী মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। কুকুরটি আটক না হওয়া পর্যন্ত আতঙ্ক কাটছে না স্থানীয়দের।
দেশ বাংলা টিভি ডেক্স