নিজস্ব সংবাদদাতা :
কক্সবাজারের উখিয়ার ইনানীতে একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণহানির সংখ্যা বেড়ে সাতজনে পৌঁছেছে। এ ঘটনায় এখনো পাঁচজন নিখোঁজ রয়েছেন। নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে উদ্ধার তৎপরতা চলছে। অগ্নিকাণ্ডে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
শনিবার (১৭ অক্টোবর) সকাল ৭টার দিকে মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক সমুদ্রসৈকত এলাকায় অবস্থিত টুপটুপ রিসোর্টে আগুন লাগে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট সকাল ৮টার দিকে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় তিন ঘণ্টার চেষ্টায় সকাল ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিসের সিনিয়র কর্মকর্তা দোলন আচার্য ঘটনাস্থল থেকে সাতজনের মরদেহ উদ্ধারের তথ্য নিশ্চিত করেছেন। প্রাথমিকভাবে নিহত ব্যক্তিরা পর্যটক বলে ধারণা করা হচ্ছে। তবে তাঁদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, অগ্নিকাণ্ডের সময় রিসোর্টটিতে মোট ১৭ জন পর্যটক অবস্থান করছিলেন। আগুন নিয়ন্ত্রণে আসার পর ভবনটির বিভিন্ন অংশে উদ্ধার অভিযান শুরু হয়। ভেতরে আরও কেউ আটকা পড়েছেন কি না, তা খতিয়ে দেখছেন উদ্ধারকর্মীরা।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানিয়েছেন, এ ঘটনায় হতাহতের প্রকৃত সংখ্যা নিশ্চিত করতে আরও সময় প্রয়োজন।
অগ্নিকাণ্ডে রিসোর্টটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আগুন লাগার কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ এবং রিসোর্টটির অগ্নিনিরাপত্তাব্যবস্থায় কোনো ঘাটতি ছিল কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এদিকে, আগুন লাগার পর রিসোর্ট কর্তৃপক্ষের লোকজন ঘটনাস্থল ছেড়ে চলে গেছেন বলে জানা গেছে।
দেশ বাংলা টিভি ডেক্স