রংপুর সংবাদদাতা: রংপুরের গঙ্গাচড়ায় অটোরিকশা চুরির সন্দেহে গণপিটুনিতে দুই ব্যক্তি নিহত হয়েছেন।
আজ রোববার (২৫ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার বড়বিল ইউনিয়নের উত্তরপানাপুকুর গিরিয়ারপাড় এলাকায় বড় সেচ ক্যানেলের পাশে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার কচুয়া সরদারপাড়া এলাকার এজারুল ওরফে রেজাউল কানা (৪৫) এবং কোলকোন্দ ইউনিয়নের সাদিকুল ইসলাম (২৫)।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ভোরে ফজরের নামাজের সময় সোহেল নামে এক ব্যক্তির চিৎকার শুনে মুসল্লিরা নামাজ ছেড়ে বেরিয়ে আসেন। তারা চোর সন্দেহে দুই ব্যক্তির পিছু নেন। তাদের ধরতে না পেরে মসজিদের মাইকে অটোরিকশা চুরির ঘোষণা দেওয়া হয়।
ঘোষণা শুনে চারপাশের গ্রাম থেকে লোকজন জড়ো হয়ে ধাওয়া দেয়। পরে ক্যানেলের পাশে তাদের আটক করে গণপিটুনি দেওয়া হয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
খবর পেয়ে গঙ্গাচড়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ বলছে, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
দেশ বাংলা টিভি ডেক্স